প্রথম আলো ফ্যাক্ট চেক
বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ভাইরাল ছবিটির সঙ্গে আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকা টানানোর সম্পর্ক নেই
ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছুঁয়েছে বাংলাদেশকেও; প্রিয় দলের পতাকা ছাদে ওড়াতে ব্যস্ত অনেকে। তা থেকে দুর্ঘটনাও ঘটছে। আর্জন্টিনা ও ব্রাজিলের পতাকা লাগাতে গিয়ে ময়মনসিংহ ও চট্টগ্রামে দুজনের মৃত্যুর খবর সংবাদমাধ্যমেও এসেছে।
প্রথম লিংক, দ্বিতীয় লিংক
এর মধ্যেই একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে দাবি করা হচ্ছে, এ বর্ষায় পতাকা টানাতে গিয়ে ছাদে জমে থাকা পানিতে পিছলে পড়ার পর বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কিছু পোস্টে দাবি করা হচ্ছে, নিহত ব্যক্তি আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়েছিলেন। আবার কোনো কোনো পোস্টে দাবি করা হচ্ছে, তিনি তুলতে গিয়েছিলেন ব্রাজিলের পতাকা। বাংলাদেশে এই দুই দলের সমর্থকই বেশি, পতাকাও এই দুই দেশেরই বেশি দেখা যায়। কিছু পোস্টে কোনো দেশের নাম উল্লেখ না করে শুধু দাবি করা হচ্ছে, প্রিয় দলের পতাকা টানাতে গিয়ে মারা গেছেন তিনি।
প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক, চতুর্থ লিংক, পঞ্চম লিংক
যাচাইয়ে দেখা যায়, আলোচিত ছবিটি সাম্প্রতিক একটি দুর্ঘটনার হলেও এর সঙ্গে ফুটবল কিংবা কোনো দেশের পতাকা টানানোর ঘটনার সম্পর্ক নেই।
ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে পাবনার ঘটনার সংবাদ খুঁজে পাওয়া যায় বিভিন্ন সংবাদমাধ্যমে। গত ১৮ জুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ‘পাবনায় ছাদের পানি নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দোকান কর্মীর’ শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়।
প্রতিবেদন অনুযায়ী, পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজার এলাকায় একটি বহুতল ভবনের ছাদে জমে থাকা বৃষ্টির পানি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাৎ নামের এক যুবকের মৃত্যু হয়। তাঁকে উদ্ধার করতে গিয়ে আরও একজন ব্যবসায়ী আহত হন।
আটঘরিয়া থানার ওসি নাজমুল হোসেন সংবাদমাধ্যমকে বলেন, গত ১৮ জুন সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাৎ উপজেলার কদমডেঙা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান ‘আকুল স্টোর’-এর কর্মী ছিলেন।
স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদ প্রতিবেদনগুলোতে বলা হয়, আগের রাতের বৃষ্টিতে ভবনের ছাদে পানি জমে ছিল। সেই পানি নিচে থাকা একটি দোকানের ওপর পড়ছিল। দোকানটিকে পানির ক্ষতি থেকে রক্ষা করতে শাহাদাৎ ছাদে উঠে পানিনিষ্কাশনের চেষ্টা করেন। একপর্যায়ে অসাবধানতাবশত তার পা পিছলে যায় এবং তিনি ভবনের পাশ দিয়ে যাওয়া প্রধান বৈদ্যুতিক লাইনের তারের ওপর পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনাটি নিয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদ ও সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনায় কোথাও ফুটবল বিশ্বকাপ, ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা অন্য কোনো দেশের পতাকা টানানোর প্রসঙ্গ পাওয়া যায়নি।
অর্থাৎ পাবনার আটঘরিয়ায় ছাদের পানিনিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হলেও তাঁর সঙ্গে ব্রাজিল বা আর্জেন্টিনার পতাকা টানানোর কোনো সম্পর্ক নেই।