সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাজ্যের ৫১৮টি ফ্ল্যাট–অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে যুক্তরাজ্যে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও আপার্টমেন্ট জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব সম্পদের মোট মূল্য ২৭ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮৭২ পাউন্ড।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
আবেদনটি করেন দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান। আবেদনে বলা হয়, সাইফুজ্জামান, তাঁর সহযোগী ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক, সিআইডি ও এনবিআরের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করা হয়েছে। এর অংশ হিসেবে গত বছরের ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার একটি বাসায় অভিযানে ২৩ বস্তা আলামত উদ্ধার হয়। উদ্ধারকৃত নথিপত্র বিস্তারিতভাবে পর্যালোচনা করে সাইফুজ্জামান ও তাঁর সংশ্লিষ্ট ব্যক্তি–প্রতিষ্ঠানের বিভিন্ন দেশে অর্জিত সম্পত্তির তালিকা করা হয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যে অবস্থিত সম্পত্তিও আছে।
আবেদনে বলা হয়, অনুসন্ধান চলাকালে গোপন সূত্রে জানা যায়, সাইফুজ্জামান এই স্থাবর সম্পত্তি তৃতীয় পক্ষের কাছে হস্তান্তরের চেষ্টা করছেন। সে জন্য এই সম্পত্তি অবিলম্বে জব্দ করা দরকার।