বসুন্ধরা সিটির ৭ তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

শিক্ষার্থীর মৃত্যুপ্রতীকী ছবি

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সাততলা থেকে নিচে পড়ে মো. সৌরভ (২৭) নামের একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সৌরভের বাড়ি বগুড়া সদর উপজেলায়। তিনি রাজধানীর উত্তরার একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করতেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা প্রথম আলোকে বলেন, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ভেতরে সাততলা থেকে সৌরভ একেবারে নিচে পড়ে যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে, বলেন ওসি ক্যশৈনু মারমা।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, পড়ে যাওয়ার পর সৌরভের ব্যবহৃত মুঠোফোনটি ভেঙে যায়। পরে তাঁর সিমটি অন্য একটি মুঠোফোনে ভরে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।

সৌরভকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের দুজন নিরাপত্তাকর্মী। তাঁদের একজন তন্ময় দাস বলেন, শপিং কমপ্লেক্সের ভেতরে মাঝখানের অংশে ওপর থেকে পড়ে গিয়েছিলেন সৌরভ।