শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের উদ্যোগী হতে রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান বিপিএসএনের
শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের উদ্যোগ নিতে সরকার, বিরোধী দলসহ নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানিয়েছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে কর্মরত রাষ্ট্রবিজ্ঞানীদের সংগঠন বাংলাদেশ পলিটিক্যাল সায়েন্স নেটওয়ার্ক (বিপিএসএন)।
সংগঠনটির পক্ষ থেকে আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সাব্বীর আহমেদের সই করা ওই বিবৃতিতে বলা হয়, গণতন্ত্র সর্বোৎকৃষ্ট রাজনৈতিক জীবনব্যবস্থা হিসেবে বিবেচিত। তবে এর চর্চা কিছুতেই সহজসাধ্য নয়। এ জন্য সবার আগে প্রয়োজন, পরমত সহিষ্ণুতা, জনগণের ইচ্ছার স্বাধীনভাবে প্রকাশের সুযোগ ও জন-ইচ্ছাকে সব রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে স্থান দেওয়া। বাংলাদেশের মতো পরস্পরবিরোধী ধারায় বিভক্ত সাংঘর্ষিক, প্রতিহিংসা-প্রতিরোধপরায়ণ রাজনীতির ক্ষেত্রে গণতন্ত্রের চর্চা খুবই দুরূহ এবং রাজনৈতিক নেতাদের সামনে তা এক কঠিন চ্যালেঞ্জ। তাই বলে হাত গুটিয়ে বসে থাকার অবকাশ নেই। শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন-অগ্রগতি, অন্য কথায় দেশ-জাতি-জনগণের স্বার্থে কোনো সহিংসতা কাম্য হতে পারে না।
বিবৃতিতে আরও বলা হয়, পরমুখী হয়ে দেশের রাজনৈতিক সমস্যার সমাধান কাঙ্ক্ষিত ও সম্মানজনক যেমন নয়, তেমনি তা সম্ভবও নয়। দেশের নেতাদেরই এর সমাধান খুঁজে পেতে হবে। জনদুর্ভোগ, প্রাণহানি ও সম্পদ বিনষ্ট করে—এমন কর্মকাণ্ড বাদ দিয়ে রাজনৈতিক নেতৃত্বের দেশ শাসনের ধারা অব্যাহত রাখার স্বার্থে সাংবিধানিক ধারায় শান্তিপূর্ণভাবে সমস্যা নিরসনে সরকার, বিরোধী দলসহ নির্বিশেষে সব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়।
বিবৃতিদাতারা হলেন অধ্যাপক হারুন-অর-রশিদ, অধ্যাপক মাহফুজুল হক চৌধুরী, অধ্যাপক মু. আনসার উদ্দিন, অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান, অধ্যাপক নাসিম আখতার হোসেন, অধ্যাপক ভূঁইয়া মনোয়ার কবির, জালাল ফিরোজ, অধ্যাপক গোবিন্দ চক্রবর্তী, অধ্যাপক মুহাম্মদ সোহরাব হোসেন, অধ্যাপক শামসুন্নাহার খানম, অধ্যাপক হাসান জাকিরুল ইসলাম, অধ্যাপক জায়েদা শারমীন, অধ্যাপক আসমা বিনতে ইকবাল, ফেরদৌস জামান, অধ্যাপক রফিক শাহরিয়ার, মামুন আল মোস্তফা, শরিফুল ইসলাম, শরিফ আহমেদ, নিবেদিতা রায়, নাজিয়া আরেফা।