বদলে গেল নাম, ‘এয়ারটেল’ এখন ‘সার্কেল’
মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেলের নাম বদলে গেছে। নতুন নাম এখন ‘সার্কেল’। সার্কেলের ব্র্যান্ড স্লোগান ‘আসল সংযোগ, সব সময় সচল’।
এয়ারটেলের গ্রাহকেরা স্বয়ংক্রিয়ভাবে সার্কেলের গ্রাহকে পরিণত হবেন। বিদ্যমান ০১৬ সিরিজের নম্বর, ব্যালান্স, সেবা আর প্যাকেজ একই থাকবে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন ও গ্রাহকের তথ্যেও কোনো পরিবর্তন আসবে না।
আজ সোমবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নতুন এই ব্র্যান্ডের ঘোষণা দেন রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা।
জিয়াদ সাতারা বলেন, ‘বাংলাদেশে এয়ারটেলের পথচলা ১৬ বছরের। এ সময় আমরা সবার জন্য সবচেয়ে ভালো নেটওয়ার্ক, সেরা অফার আর সেবা নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করেছি। তবে সময়ের সঙ্গে পৃথিবীর সবকিছুই পরিবর্তিত ও বিবর্তিত হয়। আমরা যেভাবে ইন্টারনেট ব্যবহার করি, সেটিও বদলে গেছে। এটি এয়ারটেলের বিবর্তন। তবে আমাদের প্রতিশ্রুতি একই থাকবে।’
এয়ারটেল ১৬ বছর ধরে একটা প্রজন্মের কাছে আবেগের জায়গা ছিল বলে মন্তব্য করেন রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি কর্মকর্তা সাহেদ আলম। তিনি বলেন, ‘আমরা তাদের দেখিয়েছি, কীভাবে কানেক্টেড (যুক্ত) থাকতে হয়। এই প্রজন্ম কিন্তু এখন আর সেই কানেকটিভিটির মধ্যে নাই, প্রজন্ম পরিবর্তন হচ্ছে।’
সাহেদ আলম আরও বলেন, ‘সার্কেল আরও বেশি প্রাসঙ্গিক, আরও গতিশীল এবং আরও অনেক অনুপ্রেরণা আমাদের দেবে।’
এয়ারটেলের গ্রাহকদের সিম পরিবর্তন করতে হবে না জানিয়ে সার্কেলের হেড অব ব্র্যান্ড অ্যান্ড ডিজিটাল তাহসিনা রাফা বলেন, ‘রবি আজিয়াটার দুটো ব্র্যান্ড বাংলাদেশে। একটা রবি, একটা এয়ারটেল। এয়ারটেল ব্র্যান্ডটা আমাদের তরুণদের জন্য। এই ব্র্যান্ডটাকে আমরা এখন নতুন একটা পরিচয় দিচ্ছি। এটা আজ থেকে সার্কেল নামে পরিচিত হতে যাচ্ছে।’
সার্কেলে বাজারের সবচেয়ে ভালো অফারগুলো পাওয়া যাবে বলেও জানান তাহসিনা রাফা।