এআই ও মার্কেটিং: বাংলাদেশি পেশাজীবীদের সঙ্গে ফিলিপ কটলারের সরাসরি আলোচনা

বাংলাদেশের ব্র্যান্ড প্র্যাকটিশনার ও মার্কেটারদের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি ফেসবুক লাইভ আলোচনায় আধুনিক মার্কেটিংয়ের জনক হিসেবে পরিচিত অধ্যাপক ফিলিপ কটলার। বৃহস্পতিবার অনলাইনে এই আলোচনা হয়
ছবি: অনলাইন আলোচনা চলাকালে নেওয়া স্ক্রিনশট

বাংলাদেশের ব্র্যান্ড প্র্যাকটিশনার ও মার্কেটারদের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি ফেসবুক লাইভ আলোচনায় এলেন আধুনিক মার্কেটিংয়ের জনক হিসেবে পরিচিত অধ্যাপক ফিলিপ কটলার। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৯টায় ‘এআই ফর মার্কেটাস৴ সামিট’ শীর্ষক এ আয়োজনে ফিলিপ কটলারের সঙ্গে ‘বি টু বি ব্র্যান্ড ম্যানেজমেন্ট’ বইয়ের সহলেখক এবং ইন্টারন্যাশনাল বিজনেসের অধ্যাপক ওয়াল্ডেমার ফোর্চও যুক্ত ছিলেন। এই সামিটের আয়োজন করে আইডিয়ান কনসালট্যান্ট। আইডিয়ান কনসালটিংয়ের প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ কনসালট্যান্ট মার্ক অনুপম মল্লিকের সঞ্চালনায় বিশেষ এই ফেসবুক লাইভ সেশন অনুষ্ঠিত হয়।

এ আয়োজনে অনলাইনে যুক্ত হতে ৫০ হাজারের বেশি পেশাজীবী ও শিক্ষার্থী নিবন্ধন করেছিলেন। লাইভ চলাকালে অনলাইন ভিউ ছাড়িয়ে যায় এক লাখের বেশি। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ফিলিপ কটলারের ‘মার্কেটিংয়ে এআই’ শীর্ষক বিশেষ উপস্থাপনা। পাশাপাশি অধ্যাপক ওয়াল্ডেমার ফোর্চ ‘এআইয়ের যুগে ব্র্যান্ডিং’ শীর্ষক বিষয়ে আলাদা উপস্থাপনা দেন।

সেশনে অধ্যাপক কটলার ও অধ্যাপক ওয়াল্ডেমার উল্লেখ করেন, এআই মার্কেটিংয়ের গতি বাড়ালেও গ্রাহকের আবেগ, মনস্তত্ত্ব ও মানবিক আস্থার জায়গাটি কখনোই প্রযুক্তি দিয়ে প্রতিস্থাপন সম্ভব নয়। প্রযুক্তিকে কাজে লাগিয়ে গ্রাহকের আরও গভীরে পৌঁছানো এবং অর্থবহ ভ্যালু তৈরি করাই এখনকার ব্র্যান্ডগুলোর মূল চ্যালেঞ্জ।

ফিলিপ কটলারের নতুন বইয়ে বাংলাদেশের ব্র্যান্ডের কেস স্টাডি

এ আয়োজন থেকেই অনুষ্ঠানকিভাবে ঘোষণা করা হয়, ফিলিপ কটলার ও ওয়াল্ডেমার ফোর্চের বৈশ্বিক প্রকাশনা ধারার অংশ হিসেবে ‘বি টু বি ব্র্যান্ড ম্যানেজমেন্ট’ বইটির বাংলাদেশ সংস্করণ আগামী বছরের জানুয়ারি মাসে প্রকাশিত হবে। বৈশ্বিক এ বইয়ের বাংলাদেশ সংস্করণে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর বাস্তবমুখী বিজনেস টু বিজনেস (B2B) কেস স্টাডি। এতে সহলেখক হিসেবে যুক্ত থাকবেন মার্ক অনুপম মল্লিক।

ফিলিপ কটলার ও ওয়াল্ডেমার ফোর্চের বৈশ্বিক প্রকাশনা ধারার অংশ হিসেবে ‘বি টু বি ব্র্যান্ড ম্যানেজমেন্ট’ বইটির বাংলাদেশ সংস্করণ আগামী বছরের জানুয়ারি মাসে প্রকাশিত হবে
ছবি: সংগৃহীত

প্যানেল আলোচনা: মার্কেটিংয়ে এআই–হাইপ বনাম বাস্তবতা

কটলারের পর্বের পরপরই অনুষ্ঠিত হয় ‘মার্কেটিংয়ে এআই: হাইপ, বাস্তবতা ও বাংলাদেশের সম্ভাবনা’ শীর্ষক প্যানেল আলোচনা, যা সঞ্চালনা করেন স্বপ্নের ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড গ্রোথ) মাহাদি ফয়সাল। এতে প্যানেলিস্ট হিসেবে অংশ নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক রেজওয়ানুল হক খান, গ্রামীণফোনের হেড অব ব্র্যান্ড মার্কেটিং নাফিস আনোয়ার চৌধুরী, প্রথম আলোর জেনারেল ম্যানেজার ও হেড অব মার্কেটিং মো. আজওয়াজ খান, এসকেএফ ফার্মাসিউটিক্যালসের ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড সেলস) বিনয় দাস, দ্য ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার মো. তাজদিন হাসান এবং এটেক গ্লোবালের ম্যানেজিং ডিরেক্টর শুভাশিস ভৌমিক।

বক্তারা বলেন, এআই প্রযুক্তি এখন সবার নাগালে চলে আসায় শুধু টুলের ব্যবহারে কোনো দীর্ঘমেয়াদি সুবিধা পাওয়া যাবে না; বরং স্থানীয় ডেটার কার্যকর ব্যবহার, তীব্র প্রতিযোগিতার মধ্যেও ব্র্যান্ডের স্বকীয়তা রক্ষা, রেজাল্ট-ড্রিভেন মার্কেটিং ও করপোরেট গভর্ন্যান্সে এআইয়ের সঠিক প্রয়োগই আগামী দিনে বাংলাদেশের ব্র্যান্ডগুলোকে এগিয়ে রাখবে।

আলোচনায় উঠে আসে, এআইয়ের যুগে শুধু প্রযুক্তি ব্যবহারে এগিয়ে থাকা নয়; বরং মানবিক সংযোগ, স্থানীয় ডেটা ও ব্র্যান্ডের স্বকীয়তাকে সঙ্গে নিয়ে এআইকে কাজে লাগাতে পারাই হবে বাংলাদেশের মার্কেটারদের আগামী দিনের বড় চ্যালেঞ্জ ও সম্ভাবনা।