বৈষম্য দূর করে নারীর অগ্রযাত্রা নিশ্চিত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘উইমেন অব দ্য ওয়ার্ল্ড (ওয়াও)’ ফেস্টিভ্যালের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী
ছবি: শুভ্র কান্তি দাশ

দেশের নারীরা নানা ক্ষেত্রে এগিয়েছেন। এই এগোনোর পথ সহজ ছিল না। প্রত্যেকের সফলতার পেছনেই আছে ভিন্ন ভিন্ন সংগ্রামের গল্প। তবে বৈষম্য এখনো সমাজ থেকে দূর হয়নি। এসব বৈষম্য দূর করে নারীর অগ্রযাত্রা নিশ্চিতে ও সমতার সমাজ গড়তে কাজ করতে হবে।

শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘উইমেন অব দ্য ওয়ার্ল্ড (ওয়াও)’ ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা ওয়াও ফাউন্ডেশনের সহায়তায় এ আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল, সেন্টার ফর কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (সিসিডি) ও মঙ্গলদীপ ফাউন্ডেশন।

অনুষ্ঠান উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এ উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, প্রত্যেক নারীর নিজের ভাগ্য ও সমাজে অবস্থান গড়ে তোলার অধিকার রয়েছে। নানা ক্ষেত্রে দেশের নারীরা সফলতার প্রমাণ রেখেছেন। নারীদের এসব অবস্থান তৈরি করতে অনেক বন্ধুর পথ পাড়ি দিতে হয়েছে। প্রত্যেক নারীর নিজস্ব একটি গল্প, সংগ্রাম আছে।

বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে নানা পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে শিরীন শারমিন চৌধুরী বলেন, নিজেদের চিন্তা–চেতনা থেকে সব ধরনের অন্ধকার ও বৈষম্য দূর করে নারীর অগ্রযাত্রা নিশ্চিত করে সমতা গড়ে তুলতে হবে।

‘উইমেন অব দ্য ওয়ার্ল্ড (ওয়াও)’ ফেস্টিভ্যালের নৃত্য পরিবেশন
ছবি: শুভ্র কান্তি দাশ

ওয়াও ফেস্টিভ্যাল শুরু হয় তপস্যা নৃত্যদলের পরিবেশনার মধ্য দিয়ে। শনিবার পর্যন্ত চলবে এ উৎসব। এবারের স্লোগান ‘অদম্য নারীদের উৎসব’।

অনুষ্ঠানে মঙ্গলদীপ ফাউন্ডেশনের চেয়ারপারসন সারা যাকের বলেন, সারা বিশ্বে নারীরা যেসব বাধার সম্মুখীন হন, বিশ্লেষণের মাধ্যমে সেগুলোর দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করে ওয়াও। নারীর জয়গাথা তুলে ধরা, গঠনমূলক আলোচনা, কর্মশালা ইত্যাদি আয়োজনের মাধ্যমে মানুষকে একত্র করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

বিভিন্ন সূচকে ভারত ও পাকিস্তানের নারীদের চেয়ে বাংলাদেশের নারীরা বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা ও রাজনীতিতে এগিয়ে আছে উল্লেখ করে সারা যাকের বলেন, এ সত্ত্বেও নারীর প্রতি বৈষম্য দূর হয়নি। নারীর প্রতি সহিসংতা আশানুরূপ কমানো যায়নি।

উত্তরাধিকারের প্রশ্নে এখনো নারীর সমান অধিকার প্রতিষ্ঠা হয়নি। সমাজে এখনো মজুরি বৈষম্য বিদ্যমান। তিনি আরও বলেন, এখনো পথেঘাটে, গণপরিবহনে, কর্মক্ষেত্রে, গৃহে নারী অনিরাপদ। এই বৈষম্য দূর করতে সমতা আনতে হবে। সেই সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই উৎসব শুধু নারীদের জন্য নয়, নারী–পুরুষ, ছোট–বড় সবার।  

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, ওয়াওয়ের আয়োজনগুলোর অসাধারণ কিছু প্রভাব আছে; যা সমাজ, নারী–পুরুষ সবার ক্ষেত্রেই প্রযোজ্য।

লিঙ্গসমতা ও অধিকারের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে অনেকে স্বেচ্ছাসেবক আছেন; যাঁরা নারীর অধিকার নিয়ে কাজ করেন, তা গর্ব করে বলছেন। এ আয়োজনের মাধ্যমে নারীর অধিকার নিয়ে কাজের প্রতি তাঁদের আগ্রহ আরও বাড়াবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিলের দক্ষিণ এশিয়ার কালচারাল এনগেজমেন্ট ডিরেক্টর কেট জয়েস ও ওয়াও ফাউন্ডেশনের অনুষ্ঠানপ্রধান ডমিনো প্যাটম্যান। দুই দিনব্যাপী এ আয়োজনে নারী অধিকারবিষয়ক বিভিন্ন কর্মশালা, আলোচনাসহ নানা বিষয়ে পরামর্শ সেবা থাকছে। এ ছাড়া রয়েছে সাংস্কৃতিক পরিবেশনাও।