ব্র্যাক ব্যাংকের ২৫ বছরের পথচলা: নেপথ্যের মানুষদের প্রতি অনন্য শ্রদ্ধাঞ্জলি
ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে নিজেদের অফিশিয়াল থিম সংকে নতুনভাবে উপস্থাপন করেছে প্রতিষ্ঠানটি। চমৎকার মিউজিক ভিডিওতে রূপ দেওয়া হয়েছে গানটিকে। যেখানে উঠে এসেছে ব্যাংকটির ২৫ বছরের পথচলা, অর্জন এবং সেই মূল্যবোধগুলো—যা ব্র্যাক ব্যাংককে শীর্ষ পর্যায়ে নিয়ে এসেছে।
মিউজিক ভিডিওতে প্রতীকী গল্প ও আবেগঘন দৃশ্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে উদ্যোক্তাদের সংগ্রাম, পরিবারের স্বপ্ন এবং মানুষের এগিয়ে যাওয়ার প্রত্যয়। একই সঙ্গে ফুটে উঠেছে সেই আস্থা, সম্পর্ক ও যৌথ পথচলার গল্প, যা ব্র্যাক ব্যাংকের ২৫ বছরের সাফল্যের ভিত্তি।
ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে প্রকাশের পর ভিডিওটি দেশজুড়ে বেশ সাড়া ফেলেছে। প্রকাশের মাত্র পাঁচ দিনের মধ্যে ব্র্যাক ব্যাংকের ফেসবুক পেজে এটি ৬১ লাখের বেশি ভিউ এবং ৭ হাজার ২৫০ এনগেজমেন্ট পেয়েছে। একই সময়ে ইউটিউবে ভিডিওটি দেখেছেন সাড়ে ৪৭ লাখের বেশি মানুষ।
এতেই প্রমাণিত হয়, মানুষের বাস্তব গল্প ও আবেগ যখন সংগীতের মাধ্যমে তুলে ধরা হয়, তখন তা প্রচলিত মার্কেটিংয়ের গণ্ডি পেরিয়ে মানুষের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি ও অর্থবহ সংযোগ তৈরি করে বলে জানায় ব্যাংক কর্তৃপক্ষ।
উদ্যোগটি সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘২৫ বছর ধরে ব্র্যাক ব্যাংকের সাফল্যের গল্পটি লেখা হয়েছে বাংলাদেশের লাখো মানুষের আস্থা ও স্বপ্নের হাত ধরে। আমাদের থিম সংটি সব সময়ই সেই সব মূল্যবোধকে ধারণ করেছে, যা আমাদের সবাইকে এক সুতায় বেঁধে রাখে।’ তিনি বলেন, ‘এই মিউজিক ভিডিওর মাধ্যমে আমরা সেই মূল্যবোধগুলোকে জীবন্ত করে তুলতে চেয়েছি এবং এর পেছনের মানুষদের সম্মানিত করেছি।’
রেফাত উল্লাহ খান আরও বলেন, ‘এটি শুধু একটি বর্ষপূর্তির আয়োজন নয়; বরং গত ২৫ বছরে ব্র্যাক ব্যাংকের পাশে থাকা গ্রাহক, উদ্যোক্তা, পরিবার, সহকর্মী ও অংশীদারদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। সবার আস্থা ও বিশ্বাসের জন্য আমরা কৃতজ্ঞ। আগামী দিনগুলোতেও একই নিষ্ঠা ও উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের মানুষের পাশে থেকে নতুন সম্ভাবনা তৈরিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’