সড়কের অবস্থা সারা বছর চলাচলযোগ্য রাখতে হলে মানসম্মত সড়ক বানাতে হবে। পাশাপাশি বর্ষায় জলাবদ্ধতা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। পিচঢালাই দেওয়া সড়ক যত ভালোভাবেই তৈরি করা হোক না কেন, জলাবদ্ধতা হলে তা টিকিয়ে রাখা কঠিন। সাধারণত সড়ক ভাঙে জলাবদ্ধতার কারণে। তবে আমাদের দেশে সড়ক ভাঙে নির্মাণ–দুর্বলতার জন্যও।
ড্রেনেজ (পানিনিষ্কাশনের ব্যবস্থা) যদি পরিকল্পিতভাবে না করা হয়, তাহলে সড়ক টেকসই হবে না। আর ঢাকায় ড্রেনেজ–ব্যবস্থা অত্যন্ত দুর্বল। আমি বলব, ঢাকায় অলিগলিতে পিচঢালা সড়ক টেকসই হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ, এখানে জলাবদ্ধতা সারা বছরের ঘটনা। বর্ষা হলেই যে জলাবদ্ধতা হয় তা নয়, অনেক সময় ড্রেন উপচে, ম্যানহোল উপচেও সড়কে পানি আসে। আশপাশের দোকানিরাও সড়কে পানি ঠেলে দেন।
উন্নত অনেক দেশে সড়ক নির্মাণে কংক্রিটের (পাথর, রড ও সিমেন্টের তৈরি) ব্যবহার বাড়ছে।
আর ঢালাই দেওয়া পিচের রাস্তার বড় শত্রু পানি। কংক্রিটের সড়কে পানি হচ্ছে মিত্র। এর পরও যদি কংক্রিটের সড়ক না টেকে, তাহলে বুঝতে হবে এটি তৈরিতে নিখুঁত প্রকৌশলগত জ্ঞান কাজে লাগানো হয়নি। মিস্ত্রি ডেকে কাজটি করা হয়েছে। আর পিচঢালাই দেওয়া সড়কও আমাদের দেশে দ্রুত নষ্ট হয়ে যাওয়ার কারণ আন্দাজমতো পরিমাপ ঠিক করা। এ কারণে সড়ক শেষ পর্যন্ত প্রকৌশল অবকাঠামো হয়ে ওঠে না।
আমাদের দেশে সড়ক নির্মাণের ক্ষেত্রে ঠিকাদার অনেক সময় মাস্তানের মতো কাজ করেন। স্থানীয় পর্যায়ের লোকজনই কাজটা নেন। কাউকে আশপাশে আসতে দেন না। অন্যান্য ক্ষেত্রে যাঁদের তদারকি করার কথা, তাঁরাও আসেন না। গুণগত মান ঠিক না থাকায় অলিগলির রাস্তা টেকে না। তদারকির অভাব কমবেশি থাকেই।
আমাদের এখানে প্রথমে রাস্তা বানানো হয়। এরপর নিচে যাওয়ার জন্য রাস্তা কাটা হয়। এই যে সংস্কৃতি, শতবছরের পুরোনো সংস্কৃতি। এগুলো দেশের সর্বোচ্চ পর্যায় থেকে যে দর্শন দেওয়া হচ্ছে ‘স্মার্ট বাংলাদেশ’, সেই ‘স্মার্ট’ উন্নয়নের ধারেকাছেও নেই আমরা। ‘স্মার্ট’ উন্নয়ন মানে হচ্ছে নিচের কাজ থেকে থাকলে তা শেষ করে ওপরের কাজটা করব। আমি যদি জানি নিচের কাজ বাকি আছে, তাহলে ওপরের কাজ করবই না। এই যে ‘স্মার্ট থিংকিং’—এটা নেই।
বরং ‘এভারেজ নলেজ’ (গড়পড়তা জ্ঞান) দিয়ে কাজ হচ্ছে। যার ফলে ভালো রাস্তা বানানোর পরও নিচের অবকাঠামোর জন্য আবার কাটতে হচ্ছে। আবার ভরাট করে আবার জোড়াতালি দিয়ে নির্মাণ করছি। এ কারণে টিকছে না। এই জায়গায় মেয়ররা যদি সত্যিকারার্থেই সরকারের বলিষ্ঠ হাত হতে চান, তাহলে দর্শনও স্মার্ট হতে হবে।
সড়কে কিছুদিন পর কাটাকাটির মানে হলো সঠিক পরিকল্পনার অভাব। সড়কের রক্ষণাবেক্ষণেরও সময় আছে, আমরা সময়ের কাজ সময়মতো করি না। আবার দরপত্রে যাওয়ার জন্য সড়কের গর্তকে বড় হতে দিই আমরা। নিয়ম হলো যে এলাকার রাস্তা, সে এলাকার যাঁরা দায়িত্বপ্রাপ্ত থাকবেন, নিয়মিতভাবে তাঁদের দেখতে হবে কোথাও খানাখন্দ হচ্ছে কি না।
এটা ধরা গেলে অল্প টাকায় টেকসই কাজ করে ফেলা যায়। কিন্তু ওই কাজটা না করে, অবহেলা করে, গর্ত বড় হতে দিয়ে মানুষের জন্য চরম ভোগান্তি ডেকে আনা হয়।
সড়কে বড় গর্ত হওয়ার শুরুটা হয় ছোট একটা পাথর সরে যাওয়া থেকে। ওই জায়গায় যদি আমি সুন্দরভাবে মেরামত করে দিতে পারতাম। তাহলে জনভোগান্তি হতো না। এটাকে বলে স্মার্ট উন্নয়ন।
আমরা গতানুগতিক উন্নয়নের চিন্তাভাবনার সংস্কৃতিতে আছি। সুতরাং সড়কের যে রক্ষণাবেক্ষণের কাজটি তাৎক্ষণিকভাবে করা দরকার, সেটি তখনই করতে হবে। গর্ত বড় করে, সড়ক বেহাল করে ঠিকাদার নিয়োগের চিন্তা না করে আমাকে ছোট অবস্থাতেই সময়মতো রক্ষণাবেক্ষণ করতে হবে। এ জন্য মানসিকতার ক্ষেত্রে বড় পরিবর্তন দরকার। যেটার ঘাটতি দেখতে পাচ্ছি।
মো. সামছুল হক: অধ্যাপক, পুরকৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)