জামাল ভূঁইয়া নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্য জামাল ভূঁইয়া দেশের অন্যতম মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদ-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছেন। গত মঙ্গলবার ঢাকার একটি হোটেলে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর উপস্থিতিতে চুক্তিপত্রে স্বাক্ষর করেন জামাল ভূঁইয়া। এই চুক্তির মাধ্যমে দেশজুড়ে তরুণসমাজ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে আর্থিক অন্তর্ভুক্তির বিষয়ে গুরুত্ব বাড়বে।
ছয় মাসমেয়াদি এই চুক্তির অধীনে জামাল ভূঁইয়া নগদের বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম এবং গ্রাহকদের সঙ্গে আরও সম্পৃক্ত হওয়ার বিভিন্ন উদ্যোগে অংশ নেবেন, যা ক্রীড়াপ্রেমীদের আর্থিক অন্তর্ভুক্তিতে আরও বেশি অংশগ্রহণ করতে ভূমিকা রাখবে।
নগদের অ্যাম্বাসেডর হওয়ার পর জামাল ভূঁইয়া বলেন, ‘আমি নগদের সঙ্গে কাজ করেছি, ভালো লেগেছে। আজ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাইন করতে পেরে আনন্দিত ও সম্মানিত বোধ করছি। সর্বশেষ নগদের ক্যাম্পেইন ছিল বিশ্বকাপ নিয়ে, যা খুবই চমৎকার ছিল।’
জামাল ভূঁইয়াকে স্বাগত জানিয়ে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, ‘জামাল ভূঁইয়াকে নগদ পরিবারে স্বাগত। বাংলাদেশের ফুটবলারদের সঙ্গে নগদের একটি সম্পর্ক গড়ে তোলার চেষ্টা ছিল আমাদের। শুধু জামাল ভূঁইয়া নন, সামনের দিনে আরও তারকা খেলোয়াড়দের সঙ্গে আমরা নগদ পরিবার সম্পৃক্ত হব। নগদ বাংলাদেশের সব পর্যায়ের ক্রীড়া ও ক্রীড়াবিদদের সঙ্গে থাকবে।’
অনুষ্ঠানে নগদের সিনিয়র সহযোগী প্রশাসক সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদ, সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, চিফ কমার্শিয়াল অফিসার শাহীন সারওয়ার ভূঁইয়া, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ এবং হেড অব মার্কেটিং এইচ ইউ এম মেহেদী সাজ্জাদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।