ডিএমপির সদস্যদের ছুটি দেওয়ার খবর সঠিক নয়
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্যদের ছুটি দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য সঠিক নয়। আজ মঙ্গলবার রাতে পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো আলাদা এক ভিডিও বার্তায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ-আল-মামুন অনুরোধ জানিয়ে বলেন, পুলিশের সদস্য ও পুলিশের স্থাপনাগুলোতে আক্রমণ না করতে রাজনৈতিক নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেন সবাইকে আহ্বান জানান।
এদিকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (আনসার ও ভিডিপি) ঢাকাসহ দেশের বিভিন্ন থানার অভ্যন্তরীণ নিরাপত্তা, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এবং ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক (ভিডিপি প্রশিক্ষণ, গণসংযোগ কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে) মো. রুবেল হোসাইন।