টোকিও সফরে কৌশলগত অংশীদারত্ব গুরুত্ব পাবে

চীনের পর ভারত ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জাপানের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠার সময় প্রতিরক্ষা ও মেরুকরণের বিষয়টি বিবেচনায় রেখেছে বাংলাদেশ।

  • এপ্রিলে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • প্রতিরক্ষা, অন্তর্জাল নিরাপত্তাসহ একাধিক সমঝোতা সইয়ের প্রস্তুতি।

  • সফরের প্রস্তুতি চূড়ান্ত করার জন্য টোকিও যাচ্ছেন পররাষ্ট্রসচিব।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতাকে কৌশলগত অংশীদারত্বে নিয়ে যাওয়ার প্রত্যাশা জাপানের দীর্ঘদিনের। আগামী এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার টোকিও সফরের সময় এই কৌশলগত অংশীদারত্বের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরের সময় কৌশলগত অংশীদারত্বের প্রসঙ্গটি যৌথ ঘোষণায় অন্তর্ভুক্ত করার বিষয়ে দুই দেশ প্রস্তুতি নিচ্ছে।

এটি হলে আনুষ্ঠানিকভাবে চীনের পর জাপানের সঙ্গে সম্পর্কের কৌশলগত উত্তরণ হবে বাংলাদেশের। ২০১৬ সালের অক্টোবরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সফরের সময় দুই দেশের কৌশলগত অংশীদারত্বের ঘোষণা দেওয়া হয়।

গত বছরের ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরে যাওয়ার কথা ছিল। পরে জাপানের অভ্যন্তরীণ রাজনীতি এবং করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে ওই সফর স্থগিত করা হয়েছিল বলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন। এর আগে অক্টোবরে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসে। সে সময় প্রতিনিধিদলটি কৌশলগত অংশীদারত্বের প্রসঙ্গটি পুনরায় উল্লেখ করেছিল।

জানতে চাইলে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন প্রথম আলোকে বলেন, আগামী এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপানে যাওয়ার কথা রয়েছে। ২৮ ফেব্রুয়ারি টোকিওতে দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রীর সফরের বিভিন্ন বিষয় চূড়ান্ত করার বিষয়গুলো প্রাধান্য পাবে।

কৌশলগত অংশীদারত্ব

কৌশলগত অংশীদারত্বের প্রসঙ্গ এলে প্রতিরক্ষার বিষয়টি সামনে চলে আসে। বিশেষ করে ২০১৬ সালে চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের দুই দেশের কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠার পরপরই তা নিয়ে ভারতের অস্বস্তি দেখা দেয়। ওই সফরের পরপরই ভারতের তখনকার প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর প্রতিরক্ষা সহযোগিতার সমঝোতা স্মারকের খসড়া নিয়ে ঢাকায় এসেছিলেন। পরের বছর অর্থাৎ ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় দুই দেশের মধ্যে ওই সমঝোতা স্মারক সই হয়।

ঢাকা ও টোকিওর কূটনৈতিক সূত্রে জানা গেছে, জাপান ২০২০ সালের দ্বিতীয়ার্ধ থেকে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর অঞ্চলের রাজনৈতিক ও কৌশলগত গুরুত্বকে বিবেচনায় নিয়ে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়টি সামনে নিয়ে আসে। দুই দেশের কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণাকে কেন্দ্র করে সমরাস্ত্র কেনাকাটার বিষয়টি সামনের দিনগুলোতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। জাপান বাংলাদেশের কাছে রাডারসহ অত্যাধুনিক সমরাস্ত্র এবং সামরিক প্রযুক্তি বিক্রি করতে চায়। এ নিয়ে আলোচনার জন্য জাপানের দুটি প্রতিনিধিদল গত বছর বাংলাদেশ ঘুরে গেছে।

দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর অংশ হিসেবে ঢাকায় জাপান দূতাবাসে প্রতিরক্ষা শাখা খোলা এবং প্রয়োজনীয় কর্মকর্তা নিয়োগের বিষয়ে সরকার এরই মধ্যে দেশটির অনুরোধে সাড়া দিয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

তবে বাংলাদেশের কর্মকর্তারা এই প্রতিবেদককে জানিয়েছেন, এই অঞ্চলকে ঘিরে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক প্রতিযোগিতা এবং মেরুকরণের বিষয়টি নিয়ে বাংলাদেশ সতর্ক রয়েছে। তাই চীনের পর ভারত ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জাপানের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠার সময় প্রতিরক্ষা এবং মেরুকরণের বিষয়টি বিবেচনায় রেখেছে বাংলাদেশ।

সম্ভাব্য চুক্তি

ঢাকার কূটনৈতিক সূত্রে জানা গেছে, কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠার বিষয়ে জাপানের পক্ষ থেকে প্রথম খসড়া প্রস্তাব দেওয়া হয়েছে। জাপানের দেওয়া ওই প্রস্তাবে বাংলাদেশের পক্ষ থেকে মতামত দিয়ে পাঠানো হয়েছে। এখন এটি জাপান চূড়ান্ত করার কাজ করছে। বাংলাদেশের দিক থেকে কৌশলগত অংশীদারত্বের ক্ষেত্রে প্রতিরক্ষা, সংযুক্তি, অন্তর্জাল নিরাপত্তা (সাইবার সিকিউরিটি), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের মধ্যে সহযোগিতা এবং উন্নয়ন সহযোগিতায় জোর দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় সইয়ের জন্য এখন পর্যন্ত ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) প্রায় চূড়ান্ত হয়েছে। এগুলো হচ্ছে মেট্রোরেলের সমীক্ষা, জাহাজভাঙা শিল্পের আধুনিকায়ন, কৃষি প্রক্রিয়াজাতকরণে আধুনিকায়ন, বিনিয়োগ সহায়ক মেধাস্বত্ব, শিল্পের মানোন্নয়নের অংশীদারত্ব এবং শুল্ক খাতের সমন্বয়।

প্রতিরক্ষাসহ আরও তিনটি এমওইউ চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে। দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে এসব চূড়ান্ত হতে পারে। প্রতিরক্ষা সহযোগিতার যে চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা হচ্ছে, তাতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বাড়ানো, শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠার কাজে দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণ, যৌথ মহড়ার মতো বিষয়গুলো রয়েছে। খসড়া প্রস্তাবে জাপানের কাছ থেকে সমরাস্ত্রের আধুনিক প্রযুক্তি বিনিময়ের বিষয়টিও আছে।

জানা গেছে, প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় ঢাকা ও টোকিওর মধ্যে সরাসরি আকাশপথে ফ্লাইট চালু এবং নারায়ণগঞ্জ ও নারুতুর মধ্যে টুইন সিটি চালুর বিষয়ে ঘোষণাও আসতে পারে।

সাবেক পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক মনে করেন, জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা পরীক্ষিত, যার ভিত্তি উন্নয়নকে ঘিরে। দুই দেশের মধ্যে সেভাবে নিরাপত্তা খাতে সহযোগিতা ছিল না। এখন এই সহযোগিতার কৌশলগত উত্তরণ হলে দুই দেশের সম্পর্ক বিশেষ গুরুত্ব পাবে। সাম্প্রতিক সময়ে জাপান তাদের পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতিতে পরিবর্তন এনেছে।

এসব নীতি অতীতের যেকোনো সময়ের তুলনায় আন্তর্জাতিক পরিসরে নিজেদের জোরালো অবস্থান তুলে ধরছে। পাশাপাশি জাপান তাদের প্রতিরক্ষা শিল্পকে সম্প্রসারণের মাধ্যমে সমরাস্ত্র বিক্রিতে মনোযোগী হয়েছে। তাই জাপানের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশ অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কীভাবে ভারসাম্য বজায় রেখে চলবে, সেটাই দেখার বিষয়।