দুদকের মামলায় মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার দেখানোর আবেদন

বাসা থেকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) গাড়িতে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। গত সোমবার রাতেছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় এক-এগারোর সময়ের আলোচিত সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।

আজ বুধবার মামলাটির তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ এই আবেদন করেন। আসামির উপস্থিতিতে এ–সংক্রান্ত আবেদনের ওপর শুনানির জন্য আগামী ৯ এপ্রিল তারিখ ধার্য করেছেন ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মঈনউদ্দীন চৌধুরী। দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন

এর আগে গতকাল মঙ্গলবার রাজধানীর পল্টন থানার মানব পাচারসংক্রান্ত এক মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই মামলায় তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মাসুদ উদ্দিন চৌধুরীকে গত সোমবার মধ্যরাতে ঢাকার বারিধারা ডিওএইচএসের বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আরও পড়ুন

আজ আদালতে দুদকের আবেদনে বলা হয়, আসামি মাসুদ উদ্দিন চৌধুরী ৭ হাজার ১২৪ জনকে মালয়েশিয়ায় পাঠানোর জন্য তাঁদের কাছ থেকে নির্ধারিত ফির অতিরিক্ত ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা গ্রহণ করেন। এ জন্য তাঁর বিরুদ্ধে দুদক আইনে মামলা হয়েছে। আসামি মাসুদ উদ্দিন চৌধুরী এই মামলায় জামিনে মুক্তি পেলে তদন্তে বাধা সৃষ্টি করতে পারেন। তাই সুষ্ঠ তদন্তের স্বার্থে এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

আরও পড়ুন