চেয়ারম্যান পদে ৩ জেলায় বাদ পড়লেন প্রতিদ্বন্দ্বী
জেলা পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে তিন জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাদ হয়ে এখন একক প্রার্থী রয়েছেন। আপিলে বাদ পড়া প্রার্থীরা প্রার্থিতা ফিরে না পেলে এক–তৃতীয়াংশ চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ৬১টি জেলা পরিষদের মধ্যে ২২টি জেলায় চেয়ারম্যান পদে ভোটের প্রয়োজন পড়বে না। মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে আজ রোববার এই হিসাব দাঁড়িয়েছে।
তিন পার্বত্য জেলা ছাড়া দেশের ৬১টি জেলা পরিষদে আগামী ১৭ অক্টোবর ভোট গ্রহণ করা হবে। আজ ছিল মনোনয়নপত্র যাচাই–বাছাই। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় জানায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হতে যাচ্ছেন ২২ জন। জেলা পরিষদগুলোতে মোট প্রার্থী ১৪২ জন। সংরক্ষিত সদস্য পদে মোট প্রার্থী ৬৭৩ জন আর সাধারণ পদে মোট প্রার্থী ১ হাজার ৭৪১ জন।
ইসি জানায়, যে জেলা পরিষদগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হতে যাচ্ছেন, সেগুলো হলো কুমিল্লা, কুড়িগ্রাম, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, নওগাঁ, নাটোর, নারায়ণগঞ্জ, ফেনী, বরগুনা, বাগেরহাট, ভোলা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, লালমনিরহাট, শরীয়তপুর, সিরাজগঞ্জ ও সিলেট।
এর মধ্যে ১৯টি জেলা পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন একজন করে। এর বাইরে কুমিল্লা, কুড়িগ্রাম ও নাটোরে বাছাইয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় একজন করে বৈধ প্রার্থী আছেন। যাঁদের মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হয়েছে, আপিল করে তা ফিরে না পেলে একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। অন্যদিকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যানের সংখ্যা আরও বাড়তে পারে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৬১ জেলায় চেয়ারম্যান পদে ১৬২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সাধারণ সদস্য পদে ১ হাজার ৯৮৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান ৭১৫ জন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী না থাকলে একক প্রার্থীকে জয়ী ঘোষণা করার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই। কিন্তু এভাবে বিপুলসংখ্যক জনপ্রতিনিধি বিনা ভোটে নির্বাচিত হওয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। মূলত ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে দেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো তখন নির্বাচন বর্জন করায় সংসদের ৩০০টি আসনের মধ্যে ১৫৩টিতেই ভোটের প্রয়োজন হয়নি। অর্থাৎ ১৫৩ জন সংসদ সদস্য হয়েছিলেন বিনা ভোটে। পরে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনেও এই ধারা অব্যাহত থাকে। দেশের কিছু এলাকায় বিনা ভোটে নির্বাচিত হওয়া এখন প্রায় রীতিতে পরিণত হচ্ছে। সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে যাঁরা বিনা ভোটে জয়ী হচ্ছেন, তাঁদের প্রায় সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী।