জামিন করিয়ে দিতে কোটি টাকা চাওয়ার ঘটনায় ‘ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি’ গঠন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালফাইল ছবি

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামিকে জামিন করিয়ে দেওয়ার জন্য এক প্রসিকিউটরের এক কোটি টাকা ঘুষ চাওয়ার ঘটনা তদন্তে একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে এই কমিটি গঠন করে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাঁচ সদস্যের একটি ফ্যাক্টস ফাউন্ডিং কমিটি গঠন করা হয়েছে। এর প্রধান তিনি (চিফ প্রসিকিউটর) নিজে। এই কমিটির কর্মপন্থা কী হবে, তা আগামীকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় আরেকটি বৈঠকে ঠিক করা হবে।

জুলাই গণ–অভ্যুত্থানের সময় চট্টগ্রাম শহরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম–৬ আসনের (রাউজান) আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী। মামলায় তাঁকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তাঁর পরিবারের কাছে এক কোটি টাকা চেয়েছিলেন সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার। হোয়াটসঅ্যাপ কথোপকথনের একাধিক অডিও রেকর্ডিংয়ে এমন তথ্য পাওয়া গেছে। রেকর্ডিংগুলো সংগ্রহ করেছে প্রথম আলো ও নেত্র নিউজ। প্রথম আলো ও নেত্র নিউজ রেকর্ডিংগুলো যাচাই করে আজ একটি যৌথ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে।

সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি জানার পর তাঁকে মামলাটি থেকে সরিয়ে দিয়েছিলেন ট্রাইব্যুনালের তৎকালীন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তবে সাইমুমের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেননি তিনি। ট্রাইব্যুনালের অন্যান্য দায়িত্ব থেকেও সাইমুমকে সরানো হয়নি।

বিষয়টি নিয়ে আজ সংবাদ প্রকাশের পর নানা আলোচনা–সমালোচনা হচ্ছে। এ অবস্থায় সকালে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রসিকিউটরদের (রাষ্ট্রপক্ষের আইনজীবী) রুদ্ধদ্বার বৈঠক হয়। পরে চিফ প্রসিকিউটর কার্যালয়ে বেলা আড়াইটায় আরও একটি বৈঠক বসে। বৈঠক চলে বিকেল ৪টা পর্যন্ত। এই বৈঠকেই ফ্যাক্টস ফাউন্ডিং কমিটি গঠন করা হয়।

সেই বৈঠকে উপস্থিত দুজন প্রসিকিউটর নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে জানান, পাঁচ সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির সবাই প্রসিকিউটর। সাইমুম রেজা তালুকদারের এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ এবং আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক উপপরিদর্শক (এসআই) শেখ আবজালুল হককে রাজসাক্ষী (অ্যাপ্রুভার নামে পরিচিত) করাকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগসহ জুলাই গণ–অভ্যুত্থানের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে যেসব দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে, সবকিছু তদন্ত করবে এই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি।