কোরবানির পশুর হাটে ভেটেরিনারি চিকিৎসকদের ১৭০০ দল কাজ করবে
কোরবানির পশুর হাটে দূরদূরান্ত থেকে পশু নিয়ে আসা হয়। পশুগুলো দীর্ঘসময় দাঁড়িয়ে থাকে। অনেক সময় বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে অসুস্থ হয়ে যায়। এসব পশু যেন অপচিকিৎসার শিকার না হয়, সে জন্য প্রতিটি হাটে প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেনারি চিকিৎসক দল কাজ করবে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, ঈদুল আজহায় এবার সারা দেশে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ৩ হাজার ৩১১টি পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে বসবে ২২টি। সারা দেশের সব হাটে প্রায় ১৭০০টির মতো চিকিৎসক দল কাজ করবে। প্রতি দলের সদস্যসংখ্যা থাকবে তিন থেকে সাতজন করে। সব কটি দলে চিকিৎসক না থাকলেও চিকিৎসকের সহযোগীরা থাকবেন।
দেশের বিভিন্ন অঞ্চলের পশুর হাটে ইতিমধ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসক দল কাজ শুরু করে দিয়েছে। আগামীকাল সোমবার সকাল থেকে ঢাকার দুই সিটির পশুর হাটে চিকিৎসক দল কাজ শুরু করবে। এই দল ২৮ জুন সন্ধ্যা পর্যন্ত মাঠে থাকবে।
এ বিষয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ রেয়াজুল হক প্রথম আলোকে বলেন, দূর থেকে আনার কারণে ক্লান্ত পশুকে স্যালাইন খাওয়ালে অনেকটাই সেরে যায়। অনেক সময় মালিশ করলেও পশুর ব্যথা সেরে যায়। বিশ্রাম নিতে দিলে অনেক ক্ষেত্রে পশু সুস্থ হয়ে ওঠে। দেখা যায়, বেশির ভাগ ক্ষেত্রেই পশুকে ওষুধ খাওয়ানোর প্রয়োজন হয় না। এতেও না সারলে প্যারাসিটামল–জাতীয় ওষুধ খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়। তারপরও না সারলে অন্য যেসব নিরাপদ ওষুধ যা আছে, তা খাওয়ানোর পরামর্শ দেবে চিকিৎসক দল।