বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে আরও সমৃদ্ধ করার প্রতিশ্রুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় হাইকমিশনের আয়োজনে সোমবার ঢাকায় এক ইফতার অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা যোগ দেন
ছবি : হাইকমিশনের সৌজন্যে

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশ ও ভারতের বিশেষ সম্পর্ককে আরও সমৃদ্ধ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। ভারতীয় হাইকমিশনের আয়োজনে সোমবার ঢাকায় এক ইফতার অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইফতার অনুষ্ঠানে সরকার, আইনসভা, রাজনৈতিক দল, সশস্ত্র বাহিনী, সুশীল সমাজ, ব্যবসায়ীমহল, শিক্ষাবিদ, গণমাধ্যম ও সাংস্কৃতিকমহলসহ বাংলাদেশের সর্বস্তরের বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে হাইকমিশনার প্রণয় ভার্মা মানবতা ও ভ্রাতৃত্বের চেতনা বৃদ্ধিতে ইফতারের তাৎপর্য তুলে ধরেন। তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার গভীর বন্ধনের ওপর জোর দিয়ে ১৯৭১ সালের যৌথ আত্মত্যাগের মূলে নিহিত দুই দেশের বিশেষ ও বহুমুখী সম্পর্ককে আরও সমৃদ্ধ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ইফতার অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রীসভার সদস্যসহ রাজনৈতিক নেতারা
ছবি : হাইকমিশনের সৌজন্যে

হাইকমিশনার উল্লেখ করেন, এই ইফতার জমায়েত মানুষে-মানুষে গভীর বন্ধনেরও প্রতীক, যা ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি বিনির্মাণ করে।

ইফতার অনুষ্ঠানে সর্বস্তরের বিশিষ্ট অতিথিরা যোগ দেন
ছবি : হাইকমিশনের সৌজন্যে

প্রণয় ভার্মা বলেন, এই ইফতার জমায়েত ভ্রাতৃত্বের চেতনাকে উদযাপন করে এবং মানবতা, সহানুভূতি ও অন্তর্ভুক্তির যৌথ মূল্যবোধকে পুনর্ব্যক্ত করে। এটি ভারত ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী ও ঐতিহাসিক বন্ধন এবং উভয় দেশের জনগণের জন্য আরও সমৃদ্ধ ভবিষ্যতের লক্ষ্যে কাজ করার সংকল্পও প্রদর্শন করে।