বিচারপতি মামনুন রহমানের পদত্যাগপত্র প্রত্যাখ্যানের অনুরোধ আইনজীবীদের

হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমানের পদত্যাগপত্র প্রত্যাখ্যান করে তাঁকে কর্মক্ষেত্রে ফিরিয়ে আনার দাবিতে আজ সাধারণ আইনজীবীদের সমাবেশ। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ, ঢাকা। ৩ ফেব্রুয়ারি ২০২৬ছবি: সংগৃহীত

হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমানের পদত্যাগপত্র প্রত্যাখ্যান করে তাঁকে কর্মক্ষেত্রে ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছেন সাধারণ আইনজীবীরা। আজ মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এ অনুরোধ জানানো হয়।

এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে গতকাল সোমবার রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান বিচারপতি মামনুন রহমান। বর্তমানে দেশের বাইরে অবস্থানরত এই বিচারপতির পদত্যাগপত্রটি ই-মেইলের মাধ্যমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়।

আজ দুপুরে সমিতি প্রাঙ্গণে ব্যানার নিয়ে সমবেত হন আইনজীবীদের একটি অংশ। ‘সাধারণ আইনজীবীবৃন্দ’ নামের ওই ব্যানারের একটিতে লেখা ছিল, ‘মাননীয় প্রধান বিচারপতি মহোদয়, দয়া করে বিচারপতি মামনুন রহমানের পদত্যাগপত্র প্রত্যাখ্যান করে কর্মক্ষেত্রে ফিরিয়ে আনুন।’ অন্য ব্যানারে লেখা ছিল, ‘মাননীয় বিচারপতি, মামনুন রহমান, শ্রদ্ধেয় স্যার, আপনি পদত্যাগপত্র প্রত্যাহার করুন।’

রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির প্রতি অনুরোধ জানিয়ে আইনজীবীরা বলেন, তাঁরা বিচারপতি মামনুন রহমানের পদত্যাগপত্রটি প্রত্যাখ্যান করে তাঁকে স্বপদে পুনর্বহাল করতে অনুরোধ জানাচ্ছেন।

সমাবেশে আইনজীবী জাকির হোসেন মাসুদ, কাজী আখতার হোসেন, চঞ্চল কুমার বিশ্বাস, কুমার দেবুল দে, এম আবদুল্লাহ আল হারুন ভূইয়া, মো. ফয়জুল্লাহ প্রমুখ বক্তব্য দেন। সঞ্চালনা করেন আইনজীবী সুবীর নন্দী দাস।