এখন শরীয়তপুর নিয়েও উদ্বেগ, বাড়তি নিরাপত্তা
গোপালগঞ্জের মতো শরীয়তপুরেও সরকারি স্থাপনায় হামলা হতে পারে। পুলিশ ও সরকারের একটি গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শরীয়তপুরে বিভিন্ন থানা, পৌরসভা কার্যালয়, কারাগার, বিএনপি কার্যালয়, বিদ্যুৎকেন্দ্রে অগ্নিসংযোগ ও হামলার আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে বাড়তি সতর্কতা ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে শরীয়তপুরের বিভিন্ন সরকারি দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনলাইনে ২৯ ও ৩০ নভেম্বর দুই দিনের ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। এর প্রথম দিন রোববার শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকদের সঙ্গে বিএনপির নেতা-কর্মী-সমর্থকদের সংঘর্ষ হয়। ভোরে এই সংঘর্ষে আওয়ামী লীগের দুই কর্মী নিহত হন।
আগামীকাল সোমবার কর্মসূচির শেষ দিন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গোপালগঞ্জের মতো শরীয়তপুরেও সরকারের অবস্থান একই থাকবে। সরকার আন্দোলনকারীদের ওপর বল প্রয়োগ করবে না। কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হবে না। রাজনৈতিকভাবে নাশকতা মোকাবিলা করা হবে। অবশ্য শরীয়তপুরের বিভিন্ন সরকারি স্থাপনায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
শরীয়তপুরের সরকারি কয়েকটি দপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে সরকারি স্থাপনায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ও ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। গোপালগঞ্জের তিনজন সংসদ সদস্যের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়।
শরীয়তপুর জেলা কারাগারে এখন সাড়ে ৫০০ বন্দী রয়েছেন জানিয়ে জেল সুপার এ জি মাহমুদ প্রথম আলোকে বলেন, কারাগারের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বাড়তি আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) ২৬ নভেম্বর একটি সার্কুলার জারি করেছে। তাতে ওজোপাডিকোর আওতাধীন সব বৈদ্যুতিক স্থাপনার নিরাপত্তা জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। স্থানীয় প্রশাসন, নিরাপত্তা বাহিনী, আনসার ব্যাটালিয়ন ও বিজিবির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।
শরীয়তপুরে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, জেলায় তাঁদের দুটি সাবস্টেশন রয়েছে। সেখানে আনসার সদস্য মোতায়েন রয়েছে। ২৪ ঘণ্টা সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
শরীয়তপুরে পল্লি বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) ১৪টি সাবস্টেশন রয়েছে। সেখানে হামলার আশঙ্কা করা হচ্ছে। শরীয়তপুরের আরইবির সিনিয়র জেনারেল ম্যানেজার খন্দকার শামীম আলম বলেন, বাড়তি নিরাপত্তা চেয়ে পুলিশ প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা চলছে জানিয়ে শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) তাহসিনা বেগম বলেন, বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার, ততটুকু নেওয়া হয়েছে। পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা মাঠে সমন্বিতভাবে কাজ করছেন।