শাপলা চত্বরের মামলায় দীপু মনি, মোজাম্মেল বাবু, ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালফাইল ছবি

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে এক দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ রোববার এই আদেশ দেন। আদেশে বলা হয়, আগামী ১০ দিনের মধ্যে এই তিন আসামিকে এক দিন করে জিজ্ঞাসাবাদ করতে হবে।

আরও পড়ুন

ট্রাইব্যুনাল-১-এর অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল আজ। প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষ) পক্ষ থেকে প্রতিবেদন দাখিলের জন্য সময়ের আবেদন করা হয়। ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ আগস্ট তারিখ ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

মামলার আসামি দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপাকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আরও পড়ুন

শুনানিতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না বলেন, শাহরিয়ার কবির চলাচলে সক্ষম নন। তাঁর চলাচলের জন্য হুইলচেয়ার দেওয়া হোক।

এই আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল।

মামলার অন্য আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বেনজীর আহমেদ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার প্রমুখ পলাতক।

২০১৩ সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে এখন পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামে ৫৮ জনের হত্যাকাণ্ডের শিকার হওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, এই ৫৮ জনের পরিচয় তাঁরা শনাক্ত করতে পেরেছেন।

আরও পড়ুন
আরও পড়ুন