ঢাকার বুকে বিরল পরিযায়ী পাখি ‘সাদাগলা ফুটকি’
সাদা গলার চঞ্চল পাখিটিকে প্রথম দেখি ভারতের রাজস্থানের সারিস্কা টাইগার রিজার্ভের একটি বাবলাগাছে ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি। ১১ ফেব্রুয়ারি সকালে আবারও দেখি ভরতপুর পক্ষী অভয়ারণ্যের বাবলাগাছের কাঁটাঝোপে। শেষ বিকেলে আবার দেখা হলো ক্যানটিনের পাশের বাবলাগাছে। তারপর পেরিয়ে গেছে পৌনে চার বছর। একদিন খবর পেলাম, পাখিটিকে রাজশাহীর পদ্মার ১০ নম্বর চরের বাবলাগাছগুলোতে দেখা গেছে। ২০২৩ সালের ২৫ ডিসেম্বর ভোরে রাজশাহী পৌঁছে অনীক মাঝির নৌকায় পদ্মার চরে গেলাম; কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও ওটির দেখা পেলাম না। পরের দুই বছর একই ঘটনা ঘটল। এর আগে এ দেশে পাখিটিকে দেখার অল্প কটি রেকর্ড আছে সিলেট অঞ্চলে।
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ব্যস্ততা। ১০ নভেম্বর বিকেলেই বার্ডিংবিডি ট্যুরস অ্যালার্টে খবর পেলাম, খোদ ঢাকার বনানীতে একটি বটগাছে পাখিটির দেখা মিলেছে। তবে পরের দিন বিশ্ববিদ্যালয়ে জরুরি সভা থাকায় পাখিটির খোঁজে যেতে পারলাম না। ঢাকায় এই প্রথম পাখিটি এল। ১২ নভেম্বর সকালে ক্যাপ্টেন কাওসার মোস্তফাসহ রওনা হলাম বনানী ১১ নম্বর ব্রিজের পাশে। গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে বটগাছের কাছে গিয়ে দেখি, আরও পাঁচজন পাখিটির ছবি তুলছেন। দ্রুত ক্যামেরার ভিউ ফাইন্ডারে চোখ রাখলাম। দু–চারটি ক্লিক করার পর বুঝতে পারলাম, তাড়াহুড়ায় ক্যামেরায় কার্ড ঢোকাতে ভুলে গেছি। হতভম্ব হয়ে গেলাম! এত দিন অপেক্ষার পর নিজ শহরে পাখিটির দেখা মিলল, অথচ কার্ড ছাড়া চলে এলাম? সত্যিই দুর্ভাগ্য!
হঠাৎ মাথায় বুদ্ধি খেলল। পাশে দাঁড়ানো পক্ষী আলোকচিত্রী মামুনুর রশিদ রানাকে বললাম, আপনি তো অনেকক্ষণ ধরে পাখিটির ছবি তুলছেন, আপনার ক্যামেরাটা কি একটু দেওয়া যাবে?
বলার সঙ্গে সঙ্গেই তিনি ক্যামেরাটি এগিয়ে দিলেন। দ্রুত বেশ কিছু ছবি তুলে নিলাম। এরপর ইলেকট্রনিকসের দোকান খুঁজতে লাগলাম; কিন্তু কাছেপিঠে কোনো দোকান নেই। পক্ষী আলোকচিত্রী আহসানুল হকের ড্রাইভার মিজান ভাইয়ের কথায় গুলশান ২ নম্বরে গিয়েও কার্ড পেলাম না। তারপর নানাজনকে জিজ্ঞাসা করে একটি দোকানে কার্ড পেলাম ঠিকই; কিন্তু সেটি আমার ক্যামেরায় কাজ করল না। দোকানি একটি কম স্পিডের কার্ড দিলে সেটি কাজ করল। কার্ড নিয়ে দ্রুত স্পটে ফিরলাম।
কার্ড আনলাম ঠিকই; কিন্তু চঞ্চল পাখিটির একটি ভালো ছবি তুলতে আধা ঘণ্টা অপেক্ষা করতে হলো। বটগাছের পাশের ইপিলইপিলগাছে লাফিয়ে লাফিয়ে পাখিটি কীটপতঙ্গ খুঁজে খাচ্ছিল। একসময় ওখান থেকে বটগাছে এসে পাকা ফলে ঠোঁট চালাল। আমিও তুলে নিলাম কিছু মূল্যবান ছবি।
রাজস্থানের সারিস্কা ও ভরতপুর এবং ঢাকার বনানীতে দেখা পাখিটি এ দেশের এক বিরল পরিযায়ী পাখি ‘সাদাগলা ফুটকি’। অনুবাদ নাম ‘ছোট ধলাগলা’। পশ্চিমবঙ্গে বলে ‘ছোট ধবলা’। ইংরেজি নাম ‘লেসার হোয়াইটথ্রট’। গোত্র সিলভিডি, বৈজ্ঞানিক নাম Sylvia curruca। ইউরোপ, রাশিয়া ও মধ্য এশিয়ার আবাসিক পাখিটি শীতে আফ্রিকার সাহারার দক্ষিণাঞ্চল, মধ্যপ্রাচ্য ও ভারতে পরিযায়ী হয়। বাংলাদেশে অনিয়মিতভাবে আসে।
সাদাগলা ফুটকি ছোট আকারের পাখি। লম্বায় ১২-১৩ সেন্টিমিটার। ওজন ১১ থেকে ১৬ গ্রাম। মাথা ছাড়া দেহের ওপরটা ঘিয়েবাদামি ধূসর। মাথার তালু স্লেটের মতো ধূসর। চোখের নিচ ও কানঢাকনি কালচে ধূসর। চোখের নিচে একটি বাঁকা ছোট দাগ রয়েছে। মুখে অস্পষ্ট গাঢ় রঙের মুখোশের মতো দেখা যায়। গলা সাদাটে। দেহের নিচটা ময়লাবাদামি সাদা। ঠোঁট নীলচে ধূসর। পা ও পায়ের পাতা কালচে। কম বয়সী পাখির পালক সামান্য ধূসরসহ পীতাভ বাদামি।
এই পাখি ক্ষুদ্র ঝোপ, গাছের নিচের গুল্মলতা, অর্ধমরুভূমি, বাবলা ও কাঁটাযুক্ত গাছপালা, খালপাড়ের আবাদি জমি, পাতাঝরা বন ইত্যাদিতে বিচরণ করে। সচরাচর একাকী, জোড়ায় বা বিচ্ছিন্ন দলে থাকে। পত্রগুচ্ছ ও ঝোপে একটু একটু করে উড়ে কীটপতঙ্গ ধরে খায়। পাকা ফল ও ফুলের রসও পছন্দ। উচ্চ স্বরে ‘ট্যাক-ট্যাক...’ শব্দে ডাকে।
এপ্রিল থেকে আগস্ট প্রজননকাল। এ সময় মূল আবাস এলাকায় মাটি থেকে ১–৫ মিটারের মধ্যে ঝোপঝাড়ে ছোট কাপ আকৃতির বাসা বানায়। স্ত্রী পাখি তাতে চার থেকে সাতটি কালচে বাদামি ঘন ছিটছোপে ভরা সাদাটে ডিম পাড়ে। স্ত্রী-পুরুষ মিলেমিশে তা দিয়ে ১১-১২ দিনে ডিম ফোটায়। ছানাগুলো ১২-১৩ দিনে উড়তে শেখে। আয়ুষ্কাল দুই বছরের বেশি, সর্বোচ্চ ৯ বছর বাঁচে।
আ ন ম আমিনুর রহমান: পাখি ও বন্য প্রাণী প্রজনন ও চিকিৎসাবিশেষজ্ঞ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়