দুদকের মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিচার শুরু
সম্পদের হিসাব বিবরণী জমা না দেওয়ার অভিযোগে দুদকের দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন এই আদেশ দেন।
প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আসলাম চৌধুরীর আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর মক্কেল আসলাম চৌধুরীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৬৮টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলা বাদে বাকি সব মামলায় তিনি জামিনে আছেন।
সম্পদের হিসাব বিবরণী জমা না দেওয়ার মামলায় গত বছরের ২৯ ডিসেম্বর আসলাম চৌধুরীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। ২০১৯ সালের ২৪ ডিসেম্বর আসলাম চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক মো. নাসির উদ্দিন।
মামলার এজাহারে বলা হয়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে ২০১৯ সালের ১৩ মে দুদক চট্টগ্রাম কারাগার কর্তৃপক্ষের মাধ্যমে একটি নোটিশ জারি করে কারাবন্দী আসলাম চৌধুরীকে সাত দিনের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে বলে। তবে সম্পদ বিবরণী দাখিলের জন্য ৩৬ দিন সময় দেওয়া হলেও তিনি সম্পদের হিসাব দুদকে জমা দেননি।
২০১৬ সালের ১৫ মে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরদিন ফৌজদারি কার্যবিধির (সন্দেহজনক) ৫৪ ধারায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর একই বছরের ২৬ মে আসলাম চৌধুরীর বিরুদ্ধে গুলশান থানায় রাষ্ট্রদ্রোহের মামলা হয়। মামলায় আসলামের বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে ‘বাংলাদেশের সরকার উৎখাত ষড়যন্ত্রের অভিযোগ’ আনা হয়। এ মামলায় উচ্চ আদালত থেকে তিনি জামিন পান।
সাউথইস্ট ব্যাংকের চট্টগ্রামের একটি শাখা থেকে প্রায় ১৪৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আসলাম চৌধুরী, তাঁর স্ত্রী, দুই ভাইসহ ছয়জনের বিরুদ্ধে গত বছরের ২১ জুলাই চট্টগ্রামের আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।