বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান মহড়া ‘কোপ সাউথ’ সম্পন্ন
বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের (পিএসিএএফ) অংশগ্রহণে অনুষ্ঠিত যৌথ বিমান মহড়া ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকারে পাঁচ দিনব্যাপী এ মহড়া সফলভাবে সমাপ্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মহড়ার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ। তিনি তাঁর বক্তব্যে যৌথ প্রশিক্ষণ ও দুই দেশের বাহিনীর মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের প্রধান কর্নেল হেনরি ই. প্লাগরাডট মহড়ার নানা কার্যক্রম নিয়ে বক্তব্য দেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচ দিনের এই যৌথ মহড়ায় সি-১৩০জে ও সি-১৩০বি পরিবহন বিমান পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, বিমান চলাচলের নিরাপত্তা, ঝুঁকিপূর্ণ উপকরণ ব্যবস্থাপনা এবং বিমানসংক্রান্ত চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া আকাশপথে মালামাল পরিবহন, বিমানঘাঁটির নিরাপত্তা এবং দুর্ঘটনার পর অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের ওপর অভিজ্ঞতা বিনিময় করা হয়।
এ মহড়ায় বাংলাদেশ বিমানবাহিনীর ১২০ জন এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের ১৮ জন সদস্য অংশ নেন। ১ নভেম্বর শুরু হয়েছিল এই মহড়া।