গৃহস্থালি যন্ত্রে স্বস্তির জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তির হাত ধরে এগিয়েছে অনেক কিছুই। ঘরের বাইরে যেমন প্রযুক্তির সুফল আমরা ভোগ করছি, তেমনি ঘরের ভেতরেও প্রযুক্তির স্পর্শে জীবন হয়েছে সহজ। নানি-দাদিদের যুগে পাটায় মসলা পিষে রান্না কিংবা মা-চাচিদের যুগে রুটি বানানো, ভাত রান্না নিয়ে নানা পেরেশানি দেখা যেত। গৃহকর্ত্রীকে সেই পেরেশানি থেকে মুক্ত করেছে নানা ধরনের গৃহস্থালি যন্ত্র। বৈদ্যুতিক এই যন্ত্রগুলোর সাহায্যে খুব সহজে ও স্বল্প সময়ে খাবারদাবার তৈরি থেকে শুরু করে ঘরের নানাবিধ কাজও করে ফেলা সম্ভব হচ্ছে। আসুন, জেনে নিই প্রাত্যহিক জীবনে স্বস্তি বয়ে আনা কিছু গৃহস্থালি যন্ত্রসামগ্রীর কথা।

ব্লেন্ডার

মসলা বেটে রান্না করার ধকল কমিয়ে দিয়েছে ব্লেন্ডার। বাজারে এখন দুই ধরনের ব্লেন্ডার পাওয়া যায়। একটি বিদ্যুৎ–চালিত, অন্যটি হ্যান্ড ব্লেন্ডার। বৈদ্যুতিক ব্লেন্ডার আবার দুই ধরনের। একটি দিয়ে শুধু মসলা, চাল ইত্যাদি গুঁড়া করা যায়। এটাকে অনেকেই গ্রাইন্ডার বলে থাকে। আরেকটি আছে, যেটি দিয়ে মসলা গুঁড়া, বাটা বা পেস্টসহ বিভিন্ন শরবত ও জুস বানানো যায়। এ জন্য আলাদা আলাদা অংশ ভাগ করা থাকে ব্লেন্ডারে। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের ব্লেন্ডার পাওয়া যায়। মানভেদে ব্লেন্ডার কিনতে দাম পড়বে ৯৯০ থেকে ১৫ হাজার টাকা।

মাইক্রোওয়েভ ওভেন

খাবার তাৎক্ষণিক গরম করতে এই যন্ত্রটির জুড়ি নেই। প্রতি বেলা রান্না করার ঝামেলা থেকে চটজলদি সমাধান দেবে মাইক্রোওয়েভ ওভেন। এক মিনিটের মধ্যে খাবার গরম করতে পারে এই যন্ত্রসঙ্গী। শুধু তা–ই নয়, এখন বেকিং থেকে শুরু করে ভাত, মাছ, মাংসের মতো খাবারও রান্না করা যায় মাইক্রোওয়েভ ওভেনে। বিকেলের নাশতা পিৎজা-পাস্তা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন বাসায়। বিভিন্ন ব্র্যান্ডের মাইক্রোওয়েভ ওভেনের দাম পড়বে ৮ হাজার ৫০০ থেকে ৫০ হাজার টাকা।

রাইস কুকার

চুলায় ভাত বসিয়ে সারাক্ষণ খেয়াল রাখা অনেকের কাছে বিরক্তিকর মনে হয়। সময়ের এই অপচয় বাঁচাতে রাইসকুকার খুব ভালো বন্ধু। রাইস কুকারে পরিমাণমতো চাল ও পানি ঢেলে বিদ্যুৎ–সংযোগ দিয়ে আপনি অন্য কাজে মনোযোগী হতে পারেন। নির্দিষ্ট সময়ে ভাত হয়ে গেলে কুকার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। সময় বাঁচাতে ও ঝামেলা কমাতে যন্ত্রটির জুড়ি নেই।

প্রেশারকুকার

অল্পসময়ে মাংস বা অন্য যেকোনো কিছু সেদ্ধ করতে প্রেশারকুকার অনন্য। আধুনিক জীবনে এত ব্যস্ততার মধ্যে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করে রান্নার ঝামেলা থেকে মুক্তি দিয়েছে এই প্রেশারকুকার। বর্তমান যুগে রান্নার জন্য গ্যাসের যে হাহাকার, তা থেকেও রেহাই দিয়েছে এই সামগ্রীটি। খুব সহজে অল্প সময়ে প্রেশারকুকারের সহায়তায় রান্না করা যায় বলে জীবনকে সহজ করে দেওয়ার এটা অন্যতম এক সঙ্গী।

এগজস্ট ফ্যান ও কিচেন হুড

রান্না করতে গেলে পুরো বাসায় ধোঁয়া, চিটচিটে ভাবের দেখা মেলে। এ সমস্যা থেকে মুক্তি দেবে এগজস্ট ফ্যান বা বাতাস নিষ্কাশন পাখা। এটি রান্নাঘরের গরম ধোঁয়া বাইরে বের করে দিয়ে ঘর ঠান্ডা রাখতে সাহায্য করে। আর ধুলাবালু, তেল, ধোঁয়াসহ বিভিন্ন অতিসূক্ষ্ম ময়লা টেনে নিয়ে রান্নাঘর ঝকঝকে রাখতে সাহায্য করে কিচেন হুড।

এয়ার ফ্রায়ার

শারীরিক সুস্থতার জন্য চিকিৎসকেরা তেলেভাজা খাবার এড়িয়ে চলতে বলেন। কিন্তু অবুঝ মন তো ছুটে চলে মচমচে ভাজাপোড়ার দিকেই। ভাজাপোড়া খাওয়া যাদের অভ্যাসে পরিণত হয়েছে, তারা কিনতে পারেন আধুনিক এক যন্ত্র—এয়ার ফ্রায়ার। যেটি কোনো রকম তেল ছাড়াই চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, চপ, বড়া, পিঁয়াজু, ছোলা ইত্যাদি খাবার ভেজে দেবে। এতে আপনি পাবেন তেল ছাড়াই ভাজাপোড়া খাবার খাওয়ার সুযোগ। বিভিন্ন ইলেকট্রিক পণ্যের দোকানেই পাওয়া যাবে এয়ার ফ্রায়ার। দাম ১৭ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত।

ঘরের বন্ধু এই যন্ত্রসামগ্রী নিয়ে ইলেক্ট্রো মার্ট লিমিটেডের ন্যাশনাল সেলস ম্যানেজার জুলহাক হোসাইন বলেন, ‘পরিচিত এসব যন্ত্রপাতির পাশাপাশি জুসার, কফি মেকার, ওয়াটার হিটার, টোস্টার, স্যান্ডউইচ মেকার, দই মেকার, বৈদ্যুতিক চুলা, কারি কুকারের মতো যন্ত্রগুলোও হরদম ব্যবহার হচ্ছে রান্নাঘরে। এই পণ্যগুলো ঘরের কাজকে সহজ করে তোলে। তাই স্বস্তির জীবন পেতে নিজ নিজ প্রয়োজন অনুসারে কিনতে পারেন ঘরের এই বন্ধুদের।’

হাইপার লিংক: https://electromart.com.bd/product-category/kitchen-applaince/