বিশিষ্ট বাজার–গবেষক মঞ্জুরুল হকের মৃত্যু
গবেষণাপ্রতিষ্ঠান ওআরজি-কোয়েস্ট রিসার্চ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরুল হক আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মিউচুয়াল ফান্ড এইমস অব বাংলাদেশের চেয়ারম্যান। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
মঞ্জুরুল হক রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি হৃদ্রোগ ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। তাঁর জানাজা আজ জুমার নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। পারিবারিক সূত্রে জানা গেছে, বগুড়ায় তাঁর দাফন সম্পন্ন হবে। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।
বাজার–গবেষণায় মঞ্জুরুল হকের ৪০ বছরের বেশি অভিজ্ঞতা। তাঁর প্রতিষ্ঠিত ওআরজি-কোয়েস্ট রিসার্চ লিমিটেড বাংলাদেশের শীর্ষস্থানীয় জরিপ গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান।
মঞ্জুরুল হকের জন্ম ১৯৫৩ সালের ২ জুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। মঞ্জুরুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে ব্যবসায় প্রশাসনেও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
১৯৮০ সালের জানুয়ারিতে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সম্মেলন (আংকটাড) ও শুল্ক ও বাণিজ্যবিষয়ক চুক্তি গ্যাটের আওতাধীন ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারে গবেষক হিসেবে কর্মজীবন শুরু করেন মঞ্জুরুল হক। ১৯৮২ সালে তিনি মার্কেট রিসার্চ কনসালট্যান্টস অব বাংলাদেশ লিমিটেডে (বর্তমানে এমআরসি-মোড) গবেষণা ব্যবস্থাপক হিসেবে যোগ দেন।
পরবর্তী ১০ বছরে মঞ্জুরুল হক বেসরকারি প্রতিষ্ঠান মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেসের (মাইডাস) প্রকল্প ব্যবস্থাপনা কর্মকর্তা, ব্রিটিশ বহুজাতিক কোম্পানি ইউনিলিভারে গবেষণা ব্যবস্থাপক এবং সোশ্যাল অ্যান্ড মার্কেটিং রিসার্চ অ্যাসোসিয়েটসে (সোমরা) নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।