দেশে সারের পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী
দেশে চাহিদার বিপরীতে ইউরিয়া, টিএসপি, ডিএপি, এমওপিসহ সব ধরনের সারের পর্যাপ্ত মজুত আছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, দেশের কোথাও যাতে কেউ কৃত্রিম সংকট তৈরি করতে না পারে—সে ব্যাপারে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইতিমধ্যে মাঠপর্যায়ের কর্মকর্তাদের এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কেউ সার বিক্রি করলে কঠোর শাস্তির আওতায় আনা হবে।
আজ রোববার দুপুরে সচিবালয়ে নিজ অফিসকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে সারের বাজারে প্রভাব পড়বে না জানিয়ে আব্দুর রাজ্জাক বলেন, কৃষি উৎপাদন ব্যাহত হবে না। তবে কৃষিপণ্যের দাম কিছুটা বাড়বে।
মানুষের কষ্ট লাঘবে সরকার সর্বাত্মক চেষ্টা করছে জানিয়ে মন্ত্রী বলেন, আড়াই বছর ধরে চলমান কোভিড পরিস্থিতি এবং ইউক্রেন-রাশিয়া মধ্যে চলমান যুদ্ধসহ বৈশ্বিক নানা সংকটের কারণে খাদ্যপণ্য, সার ও তেল–গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। দেশেও এর প্রভাব পড়েছে। এর ফলে মানুষের কিছুটা কষ্ট হচ্ছে। এ বিষয়ে সরকার অত্যন্ত সচেতন। মানুষের কষ্ট লাঘবে সরকার নিবিড়ভাবে ও আন্তরিকতার সঙ্গে কাজ করছে।
স্বল্প ও সীমিত আয়ের মানুষ এবং শ্রমজীবীদের কষ্ট লাঘবে ১৫ টাকা কেজিতে ৫০ লাখ পরিবারকে চাল দেওয়া হবে বলে জানান আব্দুর রাজ্জাক। তিনি বলেন, বিভিন্ন সামাজিক নিরাপত্তাবেষ্টনী কার্যক্রম অব্যাহত থাকবে।
সার ও খাদ্যশস্যের দাম কমবে—এমন আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, সার রপ্তানির ক্ষেত্রে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, ইউক্রেন থেকে শস্য রপ্তানি উন্মুক্ত হয়েছে। ইউক্রেন থেকে গম রপ্তানি শুরু হলে আন্তর্জাতিক বাজারে গমের দাম কমতে পারে। এসবের প্রভাব দেশেও পড়বে। তখন খাদ্যপণ্যের দাম কমবে।