স্মার্ট আইন হলেই স্মার্ট বাংলাদেশ সম্ভব: মেনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশেদ খান মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার স্লোগান উঠেছে। স্মার্ট আইন প্রণয়ন করতে পারলেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ জন্য ঔপনিবেশিক আইন সংশোধনে সংসদে আইনপ্রণেতাদেরই প্রধান ভূমিকা রাখতে হবে।

শুক্রবার বিকেলে রাজধানীর বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২ নম্বর হলে ‘ঔপনিবেশিক আইন ও বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন এসব কথা বলেন। বাংলাদেশ আইনজীবী সংসদের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

রাশেদ খান মেনন বলেন, আমলা, ব্যবসায়ীমুক্ত সংসদ ও ঔপনিবেশিক আইন বদলাতে হলে আইনজীবী, আইনপ্রণেতা ও আইন কমিশনকে ভূমিকা রাখতে হবে। বিদ্যুতের ওপর ইনডেমনিটি আছে। যে কারণে জনগণ ভোগান্তির মধ্যে আছে। বারবার বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ছে।

জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না বলেন, ঔপনিবেশিক আইনের কারণে সরকারি দুর্নীতিবাজদের ধরতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশে ঔপনিবেশিক আইন পরিবর্তন ও বিলুপ্ত হয়েছে। বিদ্যমান ঔপনিবেশিক আইন পরিবর্তনে আইনজীবীদের জোরালো ভূমিকা রাখতে হবে।