হাজার পেরিয়েছে নতুন বই
বইমেলায় লোকসমাগম কম বলে নতুন বই কম আসছে, এমনটা নয়। প্রতিদিনই প্রচুর নতুন বই আসছে। গতকাল মঙ্গলবার মেলার ১৩তম দিনে তথ্যকেন্দ্রের হিসাব অনুসারে নতুন বই এসেছে ১ হাজার ১৪২টি।
মেলায় অনেক বই এলেও মান নিয়ে অসন্তুষ্টির কথা বললেন এবার গবেষণা সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার পাওয়া গবেষক ও প্রাবন্ধিক ইসরাইল খান। তিনি বলেন, অধিকাংশ লেখকের মধ্য সৃজনশীলতার দিক থেকে অধ্যবসায় কম। রাতারাতি জনপ্রিয়তা অর্জনের প্রতি ব্যস্ততা দেখা যাচ্ছে। এ কারণে দেশে সাহিত্যের মান বেশ নিচু। তিনি জানালেন, তাঁর গবেষণাগ্রন্থ সাময়িকপত্রে হিন্দু-মুসলিম সম্পর্ক এসেছে ইউপিএল থেকে।
প্রতিদিনই বইমেলায় প্রচুর নতুন বই আসছে। গতকাল মঙ্গলবার মেলার ১৩তম দিনে তথ্যকেন্দ্রের হিসাব অনুসারে নতুন বই এসেছে ১ হাজার ১৪২টি।
গতকাল বিকেলে বিদ্যাপ্রকাশের স্টলের সামনে ছিল ফেরারি থেকে প্রকাশিত কবি নূর কামরুন নাহারের নতুন কাব্য দুঃখেরা খোরপোশ চায়–এর প্রকাশনা অনুষ্ঠান। সেখানে কথা হলো দন্তস্য রওশনের সঙ্গে। তিনি বললেন, লোকসানের ঝুঁকি নিয়েও প্রকাশকেরা মেলায় অংশ নিয়ে মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি তাঁদের অঙ্গীকার ও দায়িত্ব পালন করেছেন, যা এবার মেলার একটি বড় বৈশিষ্ট্য। তিনি জানালেন, এবার তাঁর কিন্ডার বুকস থেকে এসেছে শিশুতোষ বই আকার যাচ্ছে মায়ের কাছে এবং একার থাকে সবার পাশে।
প্রথমার স্টলে
গতকাল প্রথমার স্টলে ব্যবস্থাপক সনাতন বড়াল জানালেন, বেশ ভালো ক্রেতা এসেছেন তাঁদের স্টলে। বেশি বিক্রি হওয়া বইগুলোর মধ্যে রয়েছে সৈয়দ আবুল মকসুদের নবাব সলিমুল্লাহ ও তাঁর সময়, রায়হান রাইনের কথাপুষ্প, আসজাদুল কিবরিয়ার মহানবীর বাণী, মীজানুর রহমানের ঢাকা পুরাণ, আনু মুহাম্মদের অর্থশাস্ত্র: ইতিহাস দর্শন রাষ্ট্রনীতি। প্রথমার নতুন বইয়ের মধ্যে গতকাল এসেছে জিয়াউদ্দিন এম চৌধুরীর গবেষণামূলক গ্রন্থ অস্থির সময়: বাংলাদেশের প্রথম চার বছর ও হাসনাত আবদুল হাইয়ের নভেলা শেক্সপিয়ার অ্যান্ড কোম্পানি।
নতুন বই
তথ্যকেন্দ্রের তালিকা অনুসারে গতকাল মেলায় নতুন বই এসেছে ১৪৬টি। উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে অনন্যা এনেছে মুনতাসীর মামুনের মুক্তিযুদ্ধবিষয়ক বই ১৯৭১: অবরুদ্ধ দেশে স্পার্টাকাস, হাসান হাফিজের কাব্য একলা নিঝুম ধিকিধিকি, বাংলা একাডেমি এনেছে রাফাত আলমের গবেষণাগ্রন্থ বাংলাদেশের উপন্যাস: সাতচল্লিশের রাজনীতি, পাঞ্জেরী এনেছে তানভীর মোকাম্মেলের নির্বাচিত প্রবন্ধ, প্রতিভাষা এনেছে পল্লব মোহাইমেনের তথ্যপ্রযুক্তিবিষয়ক বই প্রযুক্তির এই দিনে, কথাপ্রকাশ এনেছে সনৎকুমার সাহার ইতিহাসবিষয়ক বই নিম্নবর্গের খতিয়ান: আত্মোপলব্ধি ও আত্মপ্রতারণা, কাঠবিড়ালি এনেছে মাসুম বিল্লাহর শিশুতোষ গল্প পালাবে হালুম, নালন্দা এনেছে স্মৃতি ভদ্রের মুক্তিযুদ্ধবিষয়ক উপন্যাস নিহিত আগুন দিন, হারুন হাবীবের মুক্তিযুদ্ধবিষয়ক গ্রন্থ ক্যাম্প কমরেড কমান্ডার।
শেক্সপিয়ার অ্যান্ড কোম্পানি
শেক্সপিয়ার অ্যান্ড কোম্পানি প্যারিসের প্রথম ইংরেজি বইয়ের দোকান। সিলভিয়া বিচ নামে এক মার্কিন তরুণীর দোকান এটি। দোকানটি সাহিত্যের ইতিহাসে বিখ্যাত হয়ে আছে জেমস জয়েসের কালজয়ী এপিক উপন্যাস ইউলিসিস প্রকাশের জন্য। যখন ব্রিটেন ও যুক্তরাষ্ট্রে সেন্সরশিপের ভয়ে কোনো প্রকাশক এই বই প্রকাশ করতে সাহস করেননি, তখন সিলভিয়া বিচ এগিয়ে এসেছিলেন তাঁর পুঁজির অভাব সত্ত্বেও। বিখ্যাত সেই গ্রন্থ ইউলিসিস প্রকাশের কাহিনি নিয়েই হাসনাত আবদুল হাইয়ের নতুন নভেলা শেক্সপিয়ার অ্যান্ড কোম্পানি প্রথমা প্রকাশন এনেছে এবার বইমেলায়।
হাসনাত আবদুল হাই অর্থনীতি বিষয়ে উচ্চশিক্ষা লাভের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। পরে সরকারি চাকরিতে যোগ দিয়ে সচিব পদ থেকে অবসর নেন। লেখালেখির শুরু ছাত্রজীবন থেকে। লিখেছেন ছোটগল্প, উপন্যাস, ভ্রমণকাহিনি, শিল্পসমালোচনা, নন্দনতত্ত্ব এবং অর্থনীতিবিষয়ক বই।