যুক্তিতর্কে বিজয়ী শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজিত আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট
ছবি: প্রথম আলো

যুক্তির ওপর পাল্টাযুক্তি। আবার এ যুক্তি দিয়ে প্রতিপক্ষকে আটকানোর চেষ্টা। শেষ মুহূর্ত পর্যন্ত কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। দিনভর এ যুক্তিতর্কের লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজিত আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২২–এ প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় কলা ও মানববিদ্যা অনুষদে ইংরেজি বিভাগের শ্রেণিকক্ষে এ প্রতিযোগিতার আয়োজন হয়। দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৮টি বিভাগের ২৪ বিতার্কিক অংশ নেন। রানার্সআপ হয়েছে লোকপ্রশাসন বিভাগ।

তিনটি পর্বে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় বেলা তিনটায়। এ পর্বের বিতর্কের বিষয় ছিল ‘এ সংসদ বিশ্বাস করে, বাংলাদেশে নারীর ক্ষমতায়ন একটি নির্দিষ্ট শ্রেণির মধ্যে আবদ্ধ।’ এর পক্ষে যুক্তি উপস্থাপন করে লোকপ্রশাসন বিভাগ আর বিপক্ষে যুক্তি দেয় শিক্ষা অনুষদ ইনস্টিটিউট।

বিজয়ী শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা হলেন শেখ মাহমুদ হাসান, নাফিসা সাদাফ ও সাইমা বিনতে ইসলাম। রানার্সআপ লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা হলেন আবদুল্লাহ আল জুবায়ের, কাসফিয়া তাহসিন ও তাসমিয়া মোস্তফা।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক সাঈদ আহসান, বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি উত্তম রায়, সাবেক বিতার্কিক ফাল্গুনি মজুমদার, শাখা স্কুল অব ডিবেটের সভাপতি নাজমুল হাসান তুষার, ডিবেটিং সোসাইটির সহসভাপতি অমিত হাসান, মিনহাজুল ইসলাম, অর্থ সম্পাদক কায়েস মুহাম্মদ, দৃষ্টি চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মুন্না প্রমুখ।

বিকেল পাঁচটায় বিতর্ক উৎসবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাখা বন্ধুসভার মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক বর্ণিক বৈশ্যের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের সভাপতি নাজনীন নাহার।

তিনি বলেন, নারীরা রাজনীতিতে পুরুষদের চেয়ে পিছিয়ে থাকলেও শিক্ষায় অনেক দূর এগিয়েছে। তাঁদের এগিয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে তাঁর পরিবারের সদস্যরা। নারীরও পুরুষের মতো সব ধরনের সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। এ সুযোগ নিশ্চিত করার জন্য পুরুষদের এগিয়ে আসতে হবে।

অতিথির বক্তব্যে উত্তম রায় বলেন, প্রথম আলো বন্ধুসভা বাংলাদেশের অন্যতম বড় একটি সংগঠন। বাংলাদেশের যেকোনা মানবিক উন্নয়নে ও মানবিকতার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে বন্ধুসভা।

শীতকাল শীতবস্ত্র বিতরণ, বন্যায় ত্রাণ বিতরণ, গৃহহীনকে গৃহ দেওয়াসহ বিভিন্ন মানবিক কাজ এ সংগঠন করে থাকে। এ সংগঠনের সবচেয়ে বড় অর্জন নারী-পুরুষের সমান অংশীদারত্ব।

সাঈদ আহসান বলেন, ‘মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিতে হবে। মানুষ হিসেবে মর্যাদা দিলে নারী তার মর্যাদা এমনিতেই লাভ করবে। নারী ও পুরুষ আলাদা কোনো সত্তা নয়। নারী ও পুরুষের অধিকারকে আলাদা করতে গিয়ে আমরা যেন পারস্পরিক বিদ্বেষমূলক অবস্থায় চলে না যাই।’