জ্বালানি সাশ্রয়ে জবিতে প্রতি বৃহস্পতিবার অনলাইনে ক্লাস ও দাপ্তরিক কার্যক্রম
জ্বালানিসংকট মোকাবিলায় নতুন সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। সরকারের ব্যয় সংকোচন নীতিমালার অংশ হিসেবে আগামী সপ্তাহ থেকে প্রতি বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম অনলাইনে চলবে।
বুধবার উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭৭তম বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন।
উপাচার্য বলেন, ‘বৈশ্বিক এই দুর্যোগের সময় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে আমাদের সর্বোচ্চ সাশ্রয়ী হতে হবে। তবে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি যেন না হয়, তা সবার আগে নিশ্চিত করতে হবে। অনলাইন ক্লাসের বিষয়ে বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’ এই সংকট দ্রুতই কেটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন পরিবহন খাতের জ্বালানি ব্যয়ের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, সপ্তাহে অন্তত এক দিন বিশ্ববিদ্যালয়ের পরিবহন কার্যক্রম বন্ধ রাখতে পারলে জ্বালানি খাতে বড় অঙ্কের ব্যয় সাশ্রয় করা সম্ভব হবে।
সভায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্রকল্যাণ পরিচালকসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।