চট্টগ্রামে কী গবেষণা হচ্ছে, জানলেন তাঁরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে চট্টগ্রাম গবেষণা, উদ্ভাবন ও প্রকাশনা শীর্ষক এ মেলার আয়োজন করা হয়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কী নিয়ে গবেষণা হচ্ছে, কোন গবেষণাগারে কোন পরীক্ষা হচ্ছে, তা কেন দরকার, কী করণীয়—সব তথ্য মিলেছে এক প্রাঙ্গণে। চট্টগ্রাম বিভাগের সব গবেষণা সবার সামনে উপস্থাপনের লক্ষ্যে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে চট্টগ্রাম গবেষণা উৎসব।

গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সকাল ১০টায় চট্টগ্রাম গবেষণা, উদ্ভাবন ও প্রকাশনা শীর্ষক এ মেলার আয়োজন করা হয়। চলে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। বিজ্ঞানী জামাল নজরুল ইসলামের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এ মেলার আয়োজন করে জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌতবিজ্ঞান গবেষণা কেন্দ্র এবং চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি।

শহীদ মিনার চত্বরের চারপাশে ১০৩টি স্টল বসানো হয়েছিল। এসব স্টলে প্রায় ৬০০ গবেষক তাদের গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩১টি বিভাগ মেলায় অংশ নিয়েছিল। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে গবেষণার সঙ্গে যুক্ত এমন আর আরও ২০টি প্রতিষ্ঠান এতে অংশ নেয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিসিএসআইআর, এটমিক এনার্জি কমিশন, বাংলাদেশ ওশানোগ্রাফি রিসার্চ ইনস্টিটিউট, বন গবেষণা ইনস্টিটিউট, চিটাগং রিসার্চ ইনস্টিটিউট ফর চিলড্রেন সার্জারি, পাসটো রিসার্চ গ্রুপ ইত্যাদি। এ ছাড়া শিশু কিশোরদের রোবট ও অন্যান্য উদ্ভাবন নিয়ে রোবোটিকস  টিম ‘দ্য টেক একাডেমি’র খুদে বিজ্ঞানীরা এতে অংশ নেন।

প্রাণিবিদ্যা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী নাজমুল হাসান গবেষণা করেছেন জলবায়ুর প্রভাবে কীভাবে রাসেল ভাইপার স্থান পরিবর্তন করছে, তা নিয়ে। নাজমুল হাসান প্রথম আলোকে বলেন, এক যুগ আগে রাসেল ভাইপারের দেখা মিলত রাজশাহী অঞ্চলে। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এটি এখন স্থান পরিবর্তন করে বরিশাল, সুন্দরবন এসব অঞ্চলে পাওয়া যাচ্ছে।

গবেষণা মেলাকে ঘিরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয় পুরো শহীদ মিনারে প্রাঙ্গণ। শিক্ষার্থীরা বলেন, এ রকম ব্যতিক্রমী উৎসব পেয়ে তাঁরা উচ্ছ্বসিত। মেলায় সহপাঠীদের নিয়ে এসেছিলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের তমা রায়। তিনি প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় কোন বিষয়গুলো নিয়ে কাজ করছে, এ কাজগুলোর প্রয়োজনীয়তা কী এসব নিয়ে তিনি জানছেন। জলবায়ু, সমুদ্র, ব্লু–ইকোনমি, মৎস্য, গ্রিনহাউস প্রভৃতি নিয়ে গবেষণা ও তাঁর ফলাফল নিয়ে গবেষকেরা সহজভাবে আলোচনা করছেন।

গবেষকদের উৎসাহিত করতে পুরস্কারের ব্যবস্থা করা হয়। বিভিন্ন জার্নালে প্রকাশনা রয়েছে এমন ৪০ জনকে ১০টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।

আলোচনা সভা
মেলা উপলক্ষে ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরে এক আলোচনা সভার আয়োজন হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য শিরীণ আখতার। জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌতবিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অঞ্জন কুমার চৌধুরী এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

ফার্মেসি বিভাগের স্নাতক চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী নুসরাত আফরিনের সঞ্চালনায় বক্তব্য দেন সহ–উপাচার্য বেনু কুমার দে, বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ নাসিম হাসান, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক অলক পাল, জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌতবিজ্ঞান গবেষণা কেন্দ্রের সাবেক পরিচালক আবুল মনসুর চৌধুরী, জামাল নজরুল ইসলামের মেয়ে সাদাফ সিদ্দিকী, জিন প্রকৌশল ও বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক আদনান মান্নান প্রমুখ।

স্বাগত বক্তব্যে  আদনান মান্নান বলেন, ‘এ দেশে গবেষণাকর্ম হয়, কিন্তু তা জনসাধারণের কাছে পৌঁছায় না। কারণ, গবেষণা প্রদর্শনীর ব্যবস্থা নেই। তাই আমরা এ উৎসবের আয়োজন করেছি। চট্টগ্রামে কোন বিষয় নিয়ে গবেষণা হচ্ছে, সবাই যেন জানতে পারে।’

সাদাফ সিদ্দিকী বলেন, ‘আমার বাবা বিদেশের সব খ্যাতি ত্যাগ করে বাংলাদেশের জন্য এসেছিলেন। তিনি আমাদের পুরো পরিবারকে বাংলাদেশের জন্য কাজ করতে অনুপ্রাণিত করতেন। বলতেন সবাই মিলে কাজ করলে দেশে একটি বিপ্লব ঘটবে। গবেষণা নিয়ে আজকের এত বিশাল আয়োজন দেখে মনে হচ্ছে, সত্যি বাবার স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে।’

মোহাম্মদ নাসিম হাসান বলেন, আইনস্টাইনের জেনারেল থিওরি অব রিলেটিভিটিতে গাণিতিক ভিত্তি তৈরি করে দিয়েছিলেন জামাল নজরুল ইসলাম। তাঁর গাণিতিক ভিত্তি প্রয়োগ করেই পরবর্তী সময়ে বিজ্ঞানী স্টিফেন হকিং ব্ল্যাকহোলের হকিং রেডিয়েশনের আলো দেখতে পেয়েছিলেন।

সহ-উপাচার্য বেনু কুমার দে বলেন, ‘বিশ্ববিদ্যালয় হলো জ্ঞানচর্চা ও জ্ঞান বৃদ্ধির কারখানা। আর এগুলোর জন্য প্রয়োজন গবেষণা। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার ব্যবস্থাপনা পরিবর্তনের দরকার। সে লক্ষ্যে আমরা কাজ করছি। সনদভিত্তিক পড়াশোনা বাদ দিয়ে জ্ঞানভিত্তিক পড়াশোনা করতে হবে।’

উপাচার্য শিরীন আখতার বলেন, ‘গবেষকদের গবেষণার মাধ্যমেই বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে এগিয়ে যাবে। এ ধরনের মেলা তরুণ গবেষকদের অনুপ্রেরণা জোগাবে। আজ যে গবেষণার বীজ বপন হচ্ছে, অদূর ভবিষ্যতে তার ফল আমরা পাব।’