গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদন
যেসব কৌশলে অপহরণ করা হতো
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে গত শনিবার গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এতে আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে বিরোধী মতের মানুষকে গুমের সঙ্গে কারা জড়িত, কীভাবে গুম করা হতো, কীভাবে নির্যাতন বা হত্যা করা হতো, তার নানা বর্ণনা উঠে এসেছে। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে নানা চিত্র। প্রতিবেদনে অপহরণের কৌশল নিয়ে উঠে আসা চিত্র পাঠকদের জন্য তুলে ধরা হলো।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্দিষ্ট ব্যক্তিকে রাস্তা থেকে বা বাড়ি থেকে অপহরণ করত। এমনকি ফেরি বা জনসমাগমস্থল থেকেও ধরে নেওয়া হতো। বাসা থেকে ধরলে তাঁদের পরিবারের সদস্যদের সামনে এমন নির্দয়ভাবে পেটায় যে পরিবারের লোকজন মানসিকভাবে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে যান।
অন্তবর্তী সরকারের গঠিত গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে এমন চিত্র ফুটে উঠেছে। গত শনিবার গুম কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেন।
প্রতিবেদনে বলা হয়, ‘আমাদের অনুসন্ধানে দেখা গেছে, সাধারণত রাস্তা বা বাসা থেকে মানুষজনকে অপহরণ করা হতো। সচরাচর রাতেই অপহরণ করা হতো। অবশ্য সব অপহরণ যে রাতে হতো, তা কিন্তু নয়। অপহরণকারীরা সাধারণত সাদাপোশাকে এসে নিজেদের “প্রশাসনের লোক”, আইন প্রয়োগকারী সংস্থা বা ডিবি অথবা র্যাবের সদস্য বলে পরিচয় দিতেন।’
গুম কমিশনের প্রতিবেদনে আরও বলা হয়, যেসব ক্ষেত্রে ভুক্তভোগীকে তাঁদের বাসা থেকে তুলে নেওয়া হতো, সেসব ক্ষেত্রে পরিবারগুলো বড় ধরনের মানসিক অভিঘাতে থাকত। কারণ, চোখের সামনে প্রিয়জনকে মারধরের দৃশ্য তাঁরা দেখতেন, তাঁদের চোখের সামনে থেকেই তাঁদের গুম করা হতো। অনেক ক্ষেত্রে যাঁদের সঙ্গে আর কখনো দেখা হয়নি।
প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগীদের ফেরি, রাস্তার পাশ অথবা অন্যান্য জনসমাগমস্থল থেকেও অপহরণ করা হতো। বড় গাড়িতে জোর করে টেনে তোলার আগে তাঁদের প্রায়ই নাম ধরে ডাকা হতো। সাধারণত হাইয়েস মডেলের গাড়িতে (তাঁদের) তোলা হতো। গাড়িতে তোলার পরপরই তাঁদের চোখ বেঁধে ফেলা হতো, হাতকড়া পরানো হতো এবং অস্ত্র ধরে হুমকি দেওয়া হতো। প্রায় সময় মারধর বা বৈদ্যুতিক শকের মতো নির্যাতন করা হতো, গাড়িতে তোলার সঙ্গে সঙ্গেই এসব শুরু হতো।
এতে আরও উল্লেখ করা হয়, কখনো কখনো অন্যদের উপস্থিতিতে এসব অপহরণের ঘটনা ঘটত। তবে এমন কোনো প্রত্যন্ত জায়গা থেকেও অপহরণ করা হতো, যেখানে কোনো প্রত্যক্ষদর্শী থাকত না। ফলে কী ঘটেছিল, তা প্রমাণ করাটা অবিশ্বাস্য রকমের কঠিন হয়ে যেত। উদাহরণস্বরূপ, ভুক্তভোগী জীবিত ফিরে এসেছিলেন এমন একটি ঘটনার কথা বলা যায়। ওই ঘটনা সম্পর্কে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘আমি তাঁর সঙ্গে (অপহরণের শিকার ব্যক্তি) চা খেলাম। এরপর ওই ব্যক্তি বাসার দিকে রওনা হলেন। ১৫ মিনিট পর রাস্তার ধারে আমি তাঁর সাইকেল ও বইপত্র পড়ে থাকতে দেখি।’
প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় যেহেতু ভুক্তভোগী বেঁচে ছিলেন, তাই প্রত্যক্ষদর্শী ও তাঁর সাক্ষ্যের ভিত্তিতে টুকরা টুকরা গল্পগুলো জোড়া দিয়ে তাঁর অপহরণ সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়েছিল। কিন্তু যেসব ক্ষেত্রে ভুক্তভোগী ফিরে আসেননি, বিশেষ করে তাঁদের যদি জনবামানবহীন বা প্রত্যন্ত কোনো এলাকা থেকে তুলে নেওয়া হয়েছে, সেসব ঘটনায় অপহৃত ব্যক্তিদের ভাগ্যে কী ঘটেছে, তা বোঝারও কোনো প্রমাণ থাকে না।
জনাকীর্ণ এলাকা থেকে অপহরণের কৌশল সম্পর্কে জানাতে গিয়ে প্রতিবেদনে একটি ফেরির ঘটনার উল্লেখ করা হয়। এতে বলা হয়, ‘এমনকি জনাকীর্ণ শহরগুলোতেও অপহরণ ঘটনা ঘটত। এসব অপহরণ এতটাই ধূর্ততার সঙ্গে করা হতো যে কী ঘটেছে, তা প্রত্যক্ষদর্শী হয়তো তাৎক্ষণিক বুঝতে পারতেন না। উদাহরণ হিসেবে একটি ফেরির ঘটনার কথা বলা যায়। ওই ঘটনায় সাদাপোশাকে র্যাব কর্মকর্তারা ভুক্তভোগীর কাছে যান। শনাক্ত করতে যাতে সুবিধা হয়, সে জন্য তাঁকে তাঁর ফেসবুকের ছদ্মনাম ধরে ডাকেন তাঁরা।’
প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে ভুক্তভোগীর সঙ্গে র্যাব কর্মকর্তাদের আলাপ-আলোচনা বন্ধুত্বপূর্ণ ও বিশেষত্বহীন বা সাধারণ বলে মনে হয়েছিল। তবে কিছুক্ষণের মধ্যে আরও কর্মকর্তারা চলে আসেন এবং ভুক্তভোগীকে দ্রুত ফেরি থেকে নামিয়ে গাড়িতে তোলেন। পুরো বিষয়টি এতটাই সাবলীল ও দ্রুত হলো যে এটা যে অপহরণ ছিল, তা বিদেশিসহ অন্য যাত্রীরাও বুঝে উঠতে পারেননি।