এ যেন শর্ষের মধ্যে ভূত: দুদককে হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট ভবন
ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভ্যন্তরীণ নথি আসামিপক্ষ কীভাবে পেল—এক শুনানিতে এ প্রশ্ন রেখেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, অভ্যন্তরীণ নথি আসামিপক্ষের পাওয়ার কথা নয়। এ যেন শর্ষের মধ্যে ভূত।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা এক মামলা সূত্রে এক আবেদনের শুনানিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার দুদক আইনজীবীর উদ্দেশে এ কথা বলেন। অভ্যন্তরীণ ওই নথি আসামির কাছে যাওয়ার বিষয়ে দুদককে ১৫ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আইনজীবীদের তথ্যমতে, ৮ কোটি ৩৬ লাখ টাকার সম্পদ অবৈধভাবে অর্জনের অভিযোগে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) সুভাস চন্দ্র সাহা এবং তাঁর স্ত্রী রীনা চৌধুরীর বিরুদ্ধে ২০১৭ সালের ২৪ অক্টোবর মামলা করে দুদক। এ মামলার কার্যক্রমের বৈধতা নিয়ে সুভাস ও তাঁর স্ত্রী হাইকোর্টে আবেদনটি করেন।

আদালতে আবেদনের পক্ষে আইনজীবী সৈয়দ মামুন মাহবুব এবং দুদকের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

পরে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, মামলা বাতিল চেয়ে করা আবেদনের সঙ্গে আসামিপক্ষ দুদকের অনুসন্ধান প্রতিবেদন ও সাক্ষ্য–স্মারক দিয়েছে। অভ্যন্তরীণ এই নথি আসামিপক্ষের পাওয়ার কথা নয়—এ যেন শর্ষের মধ্যে ভূত বলে শুনানিতে আদালত মন্তব্য করেছেন। দুদকের অভ্যন্তরীণ ওই নথি আসামিপক্ষের কাছে যাওয়ার বিষয়ে দুদককে ১৫ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তবে মামলার তদন্ত কার্যক্রম চলতে বাধা নেই।

অবশ্য আবেদনকারীদের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব প্রথম আলোকে বলেন, ছয় বছরে তিনজন তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে। তদন্ত প্রতিবেদন দেওয়া হলেও দুদক সিদ্ধান্ত নেয়নি। এখন চতুর্থ তদন্ত কর্মকর্তা তদন্ত করছেন। এ অবস্থায় মামলার কার্যক্রমের বৈধতা নিয়ে আবেদনটি করা হয়। আদালত মামলার কার্যক্রম প্রশ্নে রুল দিয়েছেন। একই সঙ্গে দুদককে দুই সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে বলেছেন।