চট্টগ্রাম–২ আসনে মাঠে চার প্রার্থী, প্রচারে পাল্টাপাল্টি বিষোদ্‌গার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম জেলার মানচিত্র

নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েই আলোচনায় এসেছিল বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। আলোচনা ছিল ইসলামিক এই দলের চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদকে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন ছেড়ে দিতে পারে আওয়ামী লীগ। যদিও শেষ পর্যন্ত তা হয়নি। এমনকি সাইফুদ্দিনের চাচা চারবারের সংসদ সদস্য বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীকেও সমর্থন দেয়নি আওয়ামী লীগ।

১৫ বছর পর দলের প্রার্থীকেই নৌকা প্রতীক দিয়েছে ক্ষমতাসীন দলটি।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ ও এই দলের স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে শেষ পর্যন্ত চাচা-ভাতিজা নির্বাচনের মাঠে কতটুকু প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারবেন, তা নিয়ে এলাকায় আলোচনা রয়েছে।

আওয়ামী লীগের সমর্থন না পেলেও ‘সরকারঘেঁষা’ দুই ইসলামি দলের চেয়ারম্যান নিজেদের প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। নৌকা নিয়ে মাঠে আছেন এই আসনের সাবেক সংসদ সদস্য রফিকুল আনোয়ারের মেয়ে খাদিজাতুল আনোয়ার। আর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য হোসাইন মো. আবু তৈয়ব। প্রচারণায় মূলত এই চার প্রার্থীই আছেন। প্রচারণায় নিজের ভোট চাওয়ার চেয়ে বেশি চলছে পাল্টাপাল্টি বিষোদ্‌গার। কেউ তুলে ধরছেন সন্ত্রাস ও মাদকের কথা। কারও কণ্ঠে চাঁদাবাজি ঠেকানোর অঙ্গীকার। পোস্টার ছেঁড়া, হুমকির অভিযোগ তো আছেই। এখন পর্যন্ত বড় ধরনের কোনো ঘটনা না ঘটলেও ভোটারদের মনে সংঘাতের শঙ্কা রয়েছে।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ ও এই দলের স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে শেষ পর্যন্ত চাচা-ভাতিজা নির্বাচনের মাঠে কতটুকু প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারবেন, তা নিয়ে এলাকায় আলোচনা রয়েছে। তা ছাড়া বিএনপি নির্বাচনে না আসায় ভোটাররা শেষ পর্যন্ত কেন্দ্র যাবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

এখানে কোনো শাসকের দরকার নেই। কোনো ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা ও অশান্তি চাই না। সন্ত্রাস ও মাদকমুক্ত ফটিকছড়ি করতে চাই।
খাদিজাতুল আনোয়ার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ভোটার ৪ লাখ ৫৬ হাজার ৪৮৭ জন। স্বাধীনতার পর অনুষ্ঠিত ১১টি জাতীয় নির্বাচনে এই আসনে আওয়ামী লীগ পাঁচবার, বিএনপি তিনবার, জাতীয় পার্টি একবার জিতেছিল। এ ছাড়া তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন দুবার। গত দুবার ছাড়াও ১৯৯১ সালে আওয়ামী লীগের প্রার্থী হয়ে ও ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে নির্বাচনে জয়ী হন।

কথায়, প্রচারে বিষোদ্‌গার

গতকাল বুধবার উপজেলার দাঁতমারা এলাকায় গণসংযোগের সময় দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর (নজিবুল বশর ও আবু তৈয়ব) নাম উল্লেখ না করে খাদিজাতুল আনোয়ার বলেন, ‘এখানে কোনো শাসকের দরকার নেই। কোনো ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা ও অশান্তি চাই না। সন্ত্রাস ও মাদকমুক্ত ফটিকছড়ি করতে চাই।’

খাদিজাতুল আনোয়ারের মতো একই ধরনের কথা বলেছেন বিএসপির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদও। তিনি নজিবুল বশর ও আবু তৈয়বকে ইঙ্গিত করে প্রচারণায় ফটিকছড়িবাসীকে মুক্ত করার কথা বলছেন। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, দীর্ঘ ২০-২৫ বছর ধরে ফটিকছড়িবাসী কিছু মানুষের কাছে জিম্মি হয়ে পড়েছে। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের কারণে অন্ধকারে আছে। সাধারণ মানুষ এসব থেকে মুক্তি চান।

প্রচারণায় ‘দুটি পক্ষ’ কিশোর গ্যাংয়ের সদস্যদের ব্যবহার করছে বলেও অভিযোগ করেছেন সৈয়দ সাইফুদ্দিন আহমদ। তিনি বলেন, দিনে পোস্টার লাগালে রাতে ছিঁড়ে ফেলছে। কর্মী–সমর্থকদের হুমকি দিচ্ছে। যেভাবে চলছে তাতে সামনের দিনে মারামারি ও সংঘাতের শঙ্কা দেখছেন তিনি। গত মঙ্গলবার দাঁতমারায় গণসংযোগ করেন তিনি। অবশ্য গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেছেন সৈয়দ সাইফুদ্দিন আহমদ।

দুই প্রার্থী ভোটযুদ্ধের প্রচারণায় হুমকির কথা বললেও তেমন কিছু হচ্ছে না বলে দাবি করেন স্বতন্ত্র প্রার্থী হোসাইন মো. আবু তৈয়ব। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর বিরুদ্ধে যাঁরা আছেন, তাঁরা কেউ তৃণমূলের রাজনীতি করেননি। নির্বাচনের মাঠে দলের নেতা-কর্মীরা তাঁর সঙ্গে আছেন। তিনি গতকাল বিকেলে বিবিরহাট এলাকায় গণসংযোগ করেন।

প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর বক্তব্য প্রসঙ্গে বর্তমান সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী প্রথম আলোকে বলেন, তিনি কারও সম্পর্কে কোনো মন্তব্য করবেন না। যখন যেটা করার প্রয়োজন, তখন সেটা করবেন।

প্রচারণায় ‘দুটি পক্ষ’ কিশোর গ্যাংয়ের সদস্যদের ব্যবহার করছে বলেও অভিযোগ করেছেন সৈয়দ সাইফুদ্দিন আহমদ। তিনি বলেন, দিনে পোস্টার লাগালে রাতে ছিঁড়ে ফেলছে। কর্মী–সমর্থকদের হুমকি দিচ্ছে।

পোস্টার-ব্যানারে নৌকা-স্বতন্ত্রের প্রাধান্য

গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার মাইজভান্ডারী রাস্তার মাথা, ঝংকার মোড়, নাজিরহাট বাজার, বিবিরহাট, উপজেলা সদর, সুন্দরপুর, নয়াহাট, শান্তির হাট, আজিমপুর, পাইন্দং বৃন্দাবনহাট, পেলা গাজী দিঘিসহ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নৌকা প্রতীকের প্রার্থী খাদিজাতুল আনোয়ার, তরমুজ প্রতীকের হোসাইন মো. আবু তৈয়বের পক্ষে সবচেয়ে বেশি ব্যানার পোস্টার রয়েছে। একতারা প্রতীকের সৈয়দ সাইফুদ্দিন আহমদ, ফুলের মালা প্রতীকের প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর পোস্টার ও ব্যানার দেখা গেছে কম।

এই আসেন অন্য চার প্রার্থী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মোহাম্মদ শফিউল আজম চৌধুরী, চেয়ার প্রতীকের প্রার্থী মীর মোহাম্মদ ফেরদৌস আলম, মোমবাতি প্রতীকের মোহাম্মদ হামিদ উল্লাহ ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহজাহানের পোস্টার-ব্যানারও দেখা গেছে হাতেগোনা।

এসব এলাকায় অন্তত ১৫ বাসিন্দার সঙ্গে কথা হয়। প্রচারণা চললেও নির্বাচন নিয়ে তাঁদের মধ্যে আগ্রহ কম। গতকাল দুপুরে ফটিকছড়ি পৌরসভার সাদেকনগর এলাকায় একটি চায়ের দোকানের সামনে আড্ডা দিচ্ছিলেন চার বয়স্ক ব্যক্তি—জামাল আহমেদ (৭০), মাহবুবুল আলম (৬৫), মোহাম্মদ হোসেন (৭০) ও বাদশা মিয়া চৌধুরী (৭৫)। নির্বাচনের আলোচনা তুললেও খুব একটা আগ্রহ দেখাননি তাঁরা। শুধু এটুকু বললেন, এমনিতে বিএনপি নেই। তার ওপর যেভাবে প্রচারণায় একজন আরেকজনের বিরুদ্ধে বলছেন, তাতে ভোটের দিন কেন্দ্রে কী হয়, তা নিয়ে শঙ্কা রয়েছে।