আদালতের বাইরে আসামির কথা বলা ও তা প্রচার বন্ধের নির্দেশ

আদালতপ্রতীকী ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় আদালতের বাইরে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় আসামির প্রকাশ্যে কথা বলা এবং সেসব কথা প্রচার না করতে নির্দেশনা দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এ আদেশ দেন।

আজ এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরুর আগে আবেদনটি করা হয়। আবেদন করেন মামলাটি পরিচালনায় বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পাওয়া আইনজীবী আজিজুর রহমান।

আজিজুর রহমান আদালতকে বলেন, আইন অনুযায়ী, পুলিশ হেফাজতে থাকা অবস্থায় কোনো আসামির বিচারকের সামনে ছাড়া কথা বলার সুযোগ নেই। এ বিষয়ে উচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। পুলিশি হেফাজতে থাকা কিংবা দণ্ডিত আসামিদের বক্তব্য সংবাদমাধ্যমে প্রচার করা বাংলাদেশের সর্বোচ্চ আদালত আর রাষ্ট্রীয় সংস্থার নিয়মানুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

আরও পড়ুন

বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা রক্ষা, মানুষের চিন্তাধারার ওপর যাতে প্রভাব তৈরি করতে পারে ও জাতীয় নিরাপত্তার স্বার্থে এসব নির্দেশনা মেনে ভবিষ্যতে যেন আসামিরা কারও সামনে কথা না বলেন, সেই বিষয়ে পুলিশকে ব্যবস্থা নিতে বলার নির্দেশনা চেয়ে আবেদন করেন এই আইনজীবী। আদালত তাঁর এ আবেদন মঞ্জুর করেন। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।