দেশি–বিদেশি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: আশিক চৌধুরী
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে দেশি–বিদেশি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে কনটেইনার টার্মিনাল নিয়ে সিদ্ধান্ত নিতে এক বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে আশিক চৌধুরী সাংবাদিকদের এ কথা বলেন।
আশিক চৌধুরী সাংবাদিকদের বলেন, জাতীয় স্বার্থের পক্ষেই প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিতে বলেছেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার চুক্তির পক্ষে নাকি বিপক্ষে ছিল, ব্যাপারটা তা নয়। যদি জাতীয় স্বার্থ রক্ষা করে চুক্তি করা সম্ভব হয়, শুধু সেই ক্ষেত্রেই তাঁরা চুক্তি করবেন। এটা অন্তর্বর্তী সরকারের সময় বলা হয়েছিল, বর্তমান সরকারও একই অবস্থান নেবে।
নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারি–বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) কর্তৃপক্ষের সমঝোতা স্মারক হয়।
আওয়ামী লীগের শাসনামলে নিউমুরিং কনটেইনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। গত অন্তর্বর্তী সরকার সেই প্রক্রিয়া এগিয়ে নিয়েছে। এই প্রক্রিয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট হয়ে আছে।
২০০৭ সালে বন্দর এই টার্মিনাল নির্মাণ করে। টার্মিনালটি নির্মাণ ও যন্ত্রপাতি সংযোজনে বন্দর কর্তৃপক্ষ ধাপে ধাপে মোট ২ হাজার ৭১২ কোটি টাকা বিনিয়োগ করেছে। বর্তমানে নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনা করছে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড। বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার আগপর্যন্ত চিটাগং ড্রাই ডক লিমিটেডের এই টার্মিনাল পরিচালনা করার কথা রয়েছে।