গাজীপুর ও নাটোরে উবার মোটো চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার গাজীপুর ও নাটোরে তাদের মোটো সেবা চালু করেছে। এ নিয়ে দেশের ৮ বিভাগের ২০টি শহরে উবারের এ সেবা পাওয়া যাবে। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উবার এ কথা জানিয়েছে।

উবারের বিজ্ঞতিতে বলা হয়েছে, তাদের প্ল্যাটফর্মে রেন্টাল, সিএনজি, ইন্টারসিটি, কানেক্ট, মোটো ইত্যাদির মতো দুই, তিন ও চার চাকার সেবা আছে। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বগুড়া, বাগেরহাট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, যশোর, কুমিল্লা, মৌলভীবাজার, নীলফামারী, শ্রীমঙ্গল, ফেনী, দিনাজপুর, খুলনা ও কক্সবাজারে উবারের সেবা চালু আছে। এবার তারা গাজীপুর ও নাটোরে মোটো সেবা চালু করেছে।

উবার জানিয়েছে, দেশের ২০টি শহরে উবার মোটো, ৫টি শহরে উবারএক্স, উবার প্রিমিয়ার ১টি শহরে, উবার সিএনজি ৩টি শহরে, রেন্টাল ৩টি শহরে, ইন্টারসিটি ৪টি শহরে ও উবারএক্সএল চালু আছে ২টি শহরে।

উবারের বাংলাদেশ ও পূর্ব ভারত প্রধান মো. আরমানুর রহমান বলেন, উবারের কাছে কমিউনিটি খুবই গুরুত্বপূর্ণ। গ্রাহকদের যাতায়াতের চাহিদা পূরণে দ্বিগুণ উদ্যমে কাজ করার লক্ষ্য নিয়ে তাঁরা এগিয়ে যাচ্ছেন।