নারায়ণগঞ্জে সাত খুন: দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিদের আপিল শুনানি ৮ ডিসেম্বর পর্যন্ত মুলতবি
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় করা মামলায় হাইকোর্টের দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও লিভ টু আপিলের (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) ওপর শুনানি আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো শুনানি গ্রহণ করে ওই সময় পর্যন্ত শুনানি মুলতবি করেন।
দ্বিতীয় দিনের শুনানির বিষয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক প্রথম আলোকে বলেন, ‘সাত খুনের মামলায় র্যাবের যাঁরা সদস্য ছিলেন, এই আসামিদের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও অন্যান্য সাক্ষ্য-প্রমাণ দিয়ে দেখিয়েছি, তাঁরা অপরাধ করেছেন। আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ৮ ডিসেম্বর তারিখ ধার্য করেছেন। সেদিন আসামি নূর হোসেন ও তাঁর সহযোগীদের জড়িত থাকার বিষয়টি তুলে ধরা হবে। এই আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং অন্যান্য যাঁরা সাক্ষী (যেমন অপহরণের চাক্ষুষ তিন সাক্ষী) আছেন, তাঁদের বর্ণনার সঙ্গে ঘটনার যে মিল ও কীভাবে কী হয়েছে, তা উপস্থাপন করা হবে।’
নারায়ণগঞ্জে খুনের ঘটনাটি ঘটে ২০১৪ সালের ২৭ এপ্রিল। এ ঘটনায় করা মামলায় ২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত রায় দেন। রায়ে র্যাবের সাবেক ১৬ কর্মকর্তা-সদস্য এবং নারায়ণগঞ্জের সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন ও তাঁর ৯ সহযোগীসহ মোট ২৬ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ছাড়া র্যাবের আরও ৯ জন সাবেক কর্মীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বিচারিক আদালতের রায়ের পর আসামিদের ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের ওপর শুনানি শেষে ২০১৭ সালের ২২ আগস্ট রায় দেন হাইকোর্ট। রায়ে ১৫ আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল এবং অপর ১১ আসামির দণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ পাওয়া ৯ আসামির দণ্ড বহাল থাকে। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ২০১৯ সালে র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন, এম মাসুদ রানা এবং সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) বহিষ্কৃত নেতা নূর হোসেনসহ দণ্ডিত আসামিরা পৃথক আপিল ও লিভ টু আপিল করেন। এই আপিল ও লিভ টু আপিলের ওপর বুধবার শুনানি শুরু হয়। তার ধারাবাহিকতায় বৃহস্পতিবার শুনানি হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আবদুল্লাহ আল মামুন। আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, আইনজীবী মো. মজিবুর রহমান প্রমুখ।