দেশের গানে ছায়ানটের বিজয় উদ্‌যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবস উদ্‌যাপন
ছবি: জাহিদুল করিম

দেশকে নিয়ে লেখা বাংলার কবিদের গানে গানে বিজয় দিবস উদ্‌যাপন করল সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। আজ বিজয় দিবসের বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ছিল তাদের এই আয়োজন। সবাই মিলে দেশের গান গাওয়ার এই অনুষ্ঠান এ বছর ছিল সবার জন্য উন্মুক্ত।

হাজারখানেক শিল্পী লাল-সবুজ পোশাকে হাজির হয়েছিলেন এই অনুষ্ঠানে। জয় বাংলা স্লোগানে অনুষ্ঠানস্থল মুখর করে তোলেন তাঁরা। উপস্থিত সবাই মিলে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবস উদ্‌যাপন। এ সময় মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান, ছায়ানটের সহসভাপতি খায়রুল আনাম শাকিল, সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা।

এবারের আয়োজনে ছিল ৯টি সম্মেলক গান, সঙ্গে সম্মেলক নৃত্য
ছবি: প্রথম আলো

এবারের আয়োজনে ছিল ৯টি সম্মেলক গান, সঙ্গে সম্মেলক নৃত্য। একক কণ্ঠে নাসিমা শাহিন ফ্যান্সী শোনান ‘এক সাগর রক্তের বিনিময়ে’, সুমন মজুমদার শোনান ‘বাংলার মুখ, আমি দেখিয়াছি’ গান দুটি। জয়ন্ত চট্টোপাধ্যায় আবৃত্তি করেন কবি শামসুর রাহমানের ‘স্বাধীনতা তুমি’ ও আবু হেনা মোস্তফা কামালের ‘ছবি’ কবিতা থেকে। সম্মিলিত নৃত্যগীত পরিবেশিত হয় ‘আজ বাংলাদেশের হৃদয় হতে’, ‘এখন আর দেরি নয়’, ‘সঙ্ঘ শরণ তীর্থযাত্রা’, ‘চল্ চল্ চল্’, ‘বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ’, ‘বলো বলোরে বলো সবে’, ‘হেঁইয়ো রে হেঁইয়ো’, ‘লাখো লাখো শহীদের রক্তমাখা’ গানগুলোর সঙ্গে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণ ও বাঙালির পূর্ণাঙ্গ বিজয়ের ঐতিহাসিক ক্ষণকে স্মরণ করে সম্মিলিত কণ্ঠে বিকেল ৪টা ৩১ মিনিটে জাতীয় সংগীতের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শেষ হয়।

সবাই মিলে নৃত্যশৈলীর সঙ্গে মুক্তকণ্ঠে দেশের গান গাওয়ার এবং দেশের কথা শোনার-বলার এ আয়োজনকে প্রতীকীভাবে জাতীয় পতাকার রং দিয়ে সাজানোর প্রয়াস ছিল এ আয়োজনে। ২০১৫ সাল থেকে মহান বিজয় দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের মাঠে এ আয়োজন করে আসছে ছায়ানট। মহামারির কারণে ২০২০ সালে এই আয়োজনে ছেদ পড়ে। ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তির অনুষ্ঠানের জন্য বিজয় দিবসের এ আয়োজন ওই স্থানে করা সম্ভব হয়নি। তবে এবার থেকে নিয়মিত আয়োজনটি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে ছায়ানট কর্তৃপক্ষ। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে দীপ্ত টেলিভিশন।

২০১৫ সাল থেকে মহান বিজয় দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের মাঠে এ আয়োজন করে আসছে ছায়ানট
ছবি: প্রথম আলো

পাকিস্তান আমলে বাঙালির মনে আত্ম-পরিচয়ে বাঁচার বিশ্বাস জাগিয়ে তুলতে ১৯৬৭ সালে ছায়ানট বাংলা নববর্ষের অনুষ্ঠান শুরু করে। আজ বিশ্বজুড়ে ধর্ম-বর্ণ-আদর্শনির্বিশেষে পয়লা বৈশাখ বাঙালির সবচেয়ে বড় উৎসব। সেই সাংস্কৃতিক জাগরণের সঙ্গে মানবিক বোধ সঞ্চারের লক্ষ্যে শুরু হয় ‘সকলে মিলে দেশ-গান গাওয়ার, দেশ-কথা বলবার’ মিলনানুষ্ঠান। মহান বিজয় দিবসের দিনে ভেদাভেদ দূরে ঠেলে জাতীয় পতাকার সবুজে দেহ ও মন রাঙিয়ে সর্বান্তকরণে বাঙালি হয়ে ওঠার ব্রত নিতে সবাইকে আহ্বান জানায় ছায়ানট।