সড়ক দুর্ঘটনা নিয়ে সমন্বিত তথ্য দরকার : অধ্যাপক মোয়াজ্জেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা নিয়ে পুলিশের প্রতিবেদন অসম্পূর্ণ: অধ্যাপক মোয়াজ্জেম হোসেন
সরকার দুর্ঘটনা এবং এতে হতাহতের সংখ্যা নিয়ে বিতর্ক নতুন নয়। সম্প্রতি বিআরটিএ আয়োজিত এক সভায় বেসরকারি সংগঠনগুলোর দেওয়া হিসাব নিয়ে সরকারের সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করেছেন। সরকারি ও বেসরকারি উদ্যোগে সড়ক দুর্ঘটনার তথ্য সংগ্রহের বর্তমান ধারা কতটুকু ঠিক, কীভাবে একটি যথাযথ প্রক্রিয়া মেনে এ কাজ করা সম্ভব—এসব বিষয় নিয়ে কথা বলেছেন বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মোয়াজ্জেম হোসেন। তাঁর সঙ্গে কথা বলেছেন পার্থ শঙ্কর সাহা।

প্রশ্ন :

সড়ক দুর্ঘটনা এবং এতে মৃত্যুর যথাযথ সংখ্যা তুলে ধরার গুরুত্ব কোথায়?

অধ্যাপক মোয়াজ্জেম হোসেন: সড়ক দুর্ঘটনায় মৃত্যু বা আহত হওয়ার ঘটনা একটা জাতীয় ক্ষতি। এটা জনগণের নিরাপত্তাহীনতার একটি বিষয়। কাজেই এ বিষয়ে সরকারি যে সংস্থাগুলো আছে, তাদের দায়দায়িত্ব আছে। এই দায়দায়িত্ব কতটুকু তারা পালন করছে এবং কতটুকু ক্ষতি হচ্ছে, সেটা জানতে দুর্ঘটনা-সংক্রান্ত তথ্য-উপাত্ত দরকার। দুর্ঘটনার ক্ষতির সঙ্গে একটি ভাবাবেগজনিত বা মানবিক বিষয়ও জড়িত। কারণ, দুর্ঘটনার কোনো ক্ষতির পুরোটাই গুনতে হচ্ছে একটি পরিবারকে। এই ক্ষতি কমানোর জন্য চেষ্টা চালাতে হবে। আর বৈশ্বিকভাবেও এর একটা গুরুত্ব আছে। কারণ, সড়ক ব্যবস্থার নিরাপত্তা উন্নয়নের একটি সূচক। অতীতের তথ্য-উপাত্তের সঙ্গে বর্তমানেরটা মিলিয়ে ভবিষ্যত কর্মপরিকল্পনা নির্ধারণ করতে হয়। এর সঙ্গে জাতীয় উন্নয়ন জড়িত।

প্রশ্ন :

দুর্ঘটনা-সংক্রান্ত তথ্য নিয়ে সরকারি বা পুলিশের হিসাবের সঙ্গে বেসরকারি সংগঠনের হিসাবের বড় পার্থক্য দেখা যায়। হিসাবের এ তারতম্য কেন? আমরা কোনটাকে গ্রহণযোগ্য বলে মনে করব?

অধ্যাপক মোয়াজ্জেম হোসেন: যেসব দুর্ঘটনার মামলা হয়, পুলিশের হিসাবে শুধু সেগুলোই আসে। কিন্তু সব দুর্ঘটনা বা এসব দুর্ঘটনাজনিত হতাহতের ক্ষেত্রে মামলা হয় না। তার মানে, অনেক ঘটনা ঘটলেও মামলা না হওয়ায় সেই সংখ্যা আর যুক্ত হচ্ছে না। মামলা হলে শুধু ওই দুর্ঘটনা এবং তাৎক্ষণিকভাবে যারা মারা গেলেন বা আহত হলেন তাঁদের নাম নথিবদ্ধ হয় পুলিশের খাতায়। কিন্তু হাসপাতালে যাঁরা মারা গেলেন বা দুর্ঘটনাজনিত আঘাতে তিন মাস পর যাঁরা মারা গেলেন, তাঁদের নাম পুলিশের কাছে আসে না। তাই দুর্ঘটনায় নিহত ও আহতের যে সংখ্যা পুলিশের প্রতিবেদনে আসছে, সেটা পর্যাপ্ত নয়, সেটি অসম্পূর্ণ।
পুলিশের তথ্য, হাসপাতালের তথ্য এবং বিমা কোম্পানির তথ্য—সব মিলিয়ে দুর্ঘটনার একটি সমন্বিত তথ্যভান্ডার থাকা উচিত। কিন্তু আমাদের এখানে এ চর্চা নেই।
দুর্ঘটনার ক্ষেত্রে বিমা কোম্পানিকে যুক্ত করা দরকার। কিন্তু এখানে বিমা কোম্পানির কোনো ভূমিকাই নেই।

প্রশ্ন :

আমাদের এখানে বেসরকারি প্রতিষ্ঠানগুলো দুর্ঘটনার তথ্য-উপাত্ত দিচ্ছে। তাদের প্রতিবেদন পূর্ণাঙ্গ বলতে পারি?

অধ্যাপক মোয়াজ্জেম হোসেন: তাদের দেওয়া তথ্য-উপাত্ত বাস্তবতার অনেকটাই কাছাকাছি। এসব সংগঠন পত্রিকা বা অন্যান্য গণমাধ্যম দেখে রেকর্ডগুলো করে। আমাদের গণমাধ্যমের যে পরিসর, তা কিন্তু যথেষ্টই বিস্তৃত। জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমকে যদি ভালোভাবে পর্যবেক্ষণ করা যায়, তবে মোটামুটি একটি সঠিক চিত্র পাওয়া যায়। তবে এরপরও বলা যায়, এসব সংগঠনের প্রতিবেদনও একেবারে যথার্থ নয়। যেমন একেবারে গ্রামীণ সড়কে যেসব দুর্ঘটনা ঘটছে, সেটা কিন্তু স্থানীয় গণমাধ্যমে আসে না বা তা এ সংগঠনগুলো নথিবদ্ধও করে না। আবার হাসপাতাল ও বিমা কোম্পানির প্রতিবেদনও বেসরকারি সংগঠনগুলো করে না। তারা যত দুর্ঘটনার খবর আসে সেগুলো প্রায় শতভাগ তুলে ধরে। এভাবে যদি পুলিশের দেওয়া উপাত্তের সঙ্গে বেসরকারি সংগঠনগুলোর উপাত্তের তুলনা করি, সেখানে প্রায় ৪০ শতাংশের হেরফের হয়।

প্রশ্ন :

বেসরকারি সংগঠনগুলোর দুর্ঘটনা-সংক্রান্ত তথ্য-উপাত্তগুলোকে আমরা অপেক্ষাকৃত সঠিক বলছি। এসব সংগঠনের নিজেদের তথ্য-উপাত্তের মধ্যেও বড় পার্থক্য দেখা যায়।

অধ্যাপক মোয়াজ্জেম হোসেন: দুর্ঘটনার সংবাদ যে ফুলিয়ে-ফাঁপিয়ে কেউ প্রকাশ করবে, এটা সাধারণত হওয়ার কথা নয়। কারণ, এটা কোনো সুখকর বিষয় নয়। তবে এটা ঠিক, এসব সংগঠনের হিসাবের মধ্যে তারতম্য আছে। তথ্য-উপাত্ত বাছবিচার করার পদ্ধতি যদি সঠিক না থাকে তবে সমস্যা সৃষ্টি হতে পারে। একই সংবাদ দুই পত্রিকায় এলে সেটাকেই যদি গ্রহণ করে, তবে সেটা গ্রহণযোগ্য হতে পারে না। সেটা হয় কি না, তা অবশ্য আমি বিশদে জানি না।

প্রশ্ন :

বেসরকারি সংগঠনের সড়ক দুর্ঘটনার তথ্য প্রকাশের এখতিয়ার নিয়ে সরকারের তরফে আপত্তি জানানো হয়েছে। এসব সংগঠনের তথ্যের প্রমাণ দিতে বলা হয়েছে। আপনার কী অভিমত?

অধ্যাপক মোয়াজ্জেম হোসেন: সরকার একটি অপেক্ষাকৃত উন্নত প্রতিবেদন চাইতেই পারে। যেকোনো জিনিস কেউ যদি সাধারণ মানুষের মধ্যে প্রকাশ করে, তবে যিনি বা যাঁরা এ কাজ করছেন, দায়দায়িত্ব তাঁদের। উপাত্ত প্রকাশ করতে পারবে না, এটা সরকার কখনোই বলতে পারে না। সরকারের কোনো কর্তৃপক্ষ এটা দাবি করতে পারে যে তারা সঠিক তথ্য চাইতে পারে।
আবার বেসরকারি সংগঠনগুলো যদি তাদের উপাত্তের বিষয়ে খুব আস্থাশীল হয় তারাও সরকারি অপর্যাপ্ত প্রতিবেদনের বিরুদ্ধে এমনকি মামলাও করে দিতে পারে।

প্রশ্ন :

এক দশকে দেশে যানবাহনের সংখ্যা অনেক বেড়েছে। সেই নিরিখে বিআরটিএ বলেছে, এক দশকে দুর্ঘটনা এবং এতে হতাহতের সংখ্যা কমেছে। আপনার মন্তব্য কী?

অধ্যাপক মোয়াজ্জেম হোসেন: বেসরকারি সংগঠনগুলো যেসব প্রতিবেদন করছে, তাতে দেখা যাচ্ছে, প্রতিবছর ২০ থেকে ৩০ শতাংশ করে দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা বেড়ে যাচ্ছে। হতাহতের সংখ্যার সঙ্গে যানবাহনের সংখ্যা মেলানো যাবে না। উদাহরণস্বরূপ, বাংলাদেশে তিন থেকে চার লাখের মতো কার আছে। এক ব্যাংককেই ৪০ লাখ কার আছে। এখন থাইল্যান্ড যদি বলে যে আমাদের বাংলাদেশের চেয়ে ১০ গুণ কার আছে তাহলে এখানে ১০ গুণ দুর্ঘটনা হতে হবে, তাহলে তা তো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। হিসাব করতে হবে, প্রতি লাখ মানুষে আমরা কতজনকে দুর্ঘটনার মুখোমুখি করছি, সেটা ধরে। এটা গাড়ি দিয়ে হিসাব করলে হবে। গাড়ি বেড়ে গেলে দুর্ঘটনা বেড়ে যাবে, এটা কোনো কথা না।

প্রশ্ন :

প্রতিবেশী দেশ বা এশিয়ার দেশগুলোর তুলনায় বাংলাদেশে দুর্ঘটনার সংখ্যা কেমন?

অধ্যাপক মোয়াজ্জেম হোসেন: ভারত বা পাকিস্তানের মতো দেশগুলোর তুলনায় আমাদের দুর্ঘটনার প্রায় একই রকম। কিন্তু পূর্ব এশিয়ার দেশগুলোর তুলনায় আমাদের সংখ্যা কম। ওই সব দেশে মদ পান করে গাড়ি চালানোজনিত দুর্ঘটনা ও মৃত্যুহার বেশি। আমাদের দেশে এই প্রবণতা কম। তারপরও আমাদের দুর্ঘটনার সংখ্যা এবং এতে হতাহতের সংখ্যা দিন দিন বাড়ছে।

প্রশ্ন :

সড়ক দুর্ঘটনার সংখ্যা এবং এ নিয়ে একটি অপেক্ষাকৃত যথাযথ এবং আদর্শিক তথ্য সংগ্রহের পদ্ধতি কেমন হতে পারে? আপনার পরামর্শ কী?

অধ্যাপক মোয়াজ্জেম হোসেন: সরকারকে যে কাজটি করতে হবে, যে উপাত্ত তারা তুলে ধরছে, সেটাকে যথার্থ হিসেবে প্রমাণ করতে হবে। তবে সরকার বা বেসরকারি সংগঠন, যে-ই হোক, সবারই এ দায়িত্ব আছে। তবে সঠিক তথ্য-উপাত্ত তুলে ধরার মূল দায়িত্ব সরকারের। সরকারের পরিসংখ্যান ব্যুরোসহ নানা প্রতিষ্ঠান আছে। দুর্ঘটনার তথ্য-উপাত্তের জন্য খুব বেশি হলে সরকারের আর বাড়তি ৩০০ কর্মী নিয়োগ দিতে হবে। তাঁদের সুনির্দিষ্টভাবে এ কাজে লাগাতে হবে। বিদ্যমান কাঠামোর মধ্যেই এটা সম্ভব। এখানে জানমালের প্রশ্ন। তাই এটা খুব গুরুত্ব দিয়ে বিবেচনা না করার কোনো কারণ নেই।