জাফরুল্লাহ চৌধুরীর জন্য মেডিকেল বোর্ড গঠন

ডা. জাফরুল্লাহ চৌধুরী
ছবি: গণস্বাস্থ্য কেন্দ্রের সৌজন্যে

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। গুরুতর অসুস্থ হয়ে তিনি রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। এ অবস্থায় তাঁর চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

আজ রোববার গণস্বাস্থ্য কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফীর বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত তিন দিনে জাফরুল্লাহ চৌধুরীর তেমন কোনো উন্নতি হয়নি। তাই আজ দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত গণস্বাস্থ্য নগর হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ডের বৈঠক হয়।

জাফরুল্লাহ চৌধুরীর জন্য গঠিত মেডিকেল বোর্ডে কিডনি, মেডিসিন, ভাসকুলার সার্জন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, আইসিইউ চিকিৎসা বিশেষজ্ঞরা রয়েছেন। ৮১ বছর বয়সী জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। কয়েক দিন ধরে তিনি বার্ধক্যের রোগেও ভুগছিলেন।

গণস্বাস্থ্য কেন্দ্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আবদুল্লাহ আজ বেলা একটায় জাফরুল্লাহ চৌধুরীকে দেখতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে যান। এ সময় তিনি জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।

আরও পড়ুন