ওষুধের অযৌক্তিক ব্যবহার অন্যতম বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ফার্মেসির উদ্যোগে ‘রেশনাল ইউজ অব ড্রাগস’ শীর্ষক গোলটেবিল বৈঠকে উপস্থিত আলোচকেরা
ছবি: সংগৃহীত

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ফার্মেসির উদ্যোগে ‘রেশনাল ইউজ অব ড্রাগস’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশে ওষুধের যথাযথ ব্যবহার কীভাবে নিশ্চিত করা যায় ও ওষুধের যথেচ্ছ ব্যবহারের বেশ কয়েকটি কারণ চিহ্নিত করে এর সমাধানে স্বাস্থ্যসেবাকর্মীদের করণীয় প্রসঙ্গে আলোচনা করা হয়।  

বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ফার্মেসির ডিন ইভা রহমান কবিরের সভাপতিত্বে গত রোববারের এ আলোচনায় অংশ নেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হোসেন, ডিজিডিএর উপপরিচালক এবং ন্যাশনাল ফার্মাকোভিজিলেন্স সেন্টারের প্রেসিডেন্ট মো. আকতার হোসেন প্রমুখ।

জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিসহ ওষুধের যথেচ্ছ ব্যবহার রোধে সম্ভাব্য বেশ কিছু সমাধান গোলটেবিল বৈঠকে তুলে ধরেন আলোচকেরা। এর মধ্যে রয়েছে উৎপাদন থেকে শুরু করে গ্রাহকের কাছে ওষুধ পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়ায় স্বাস্থ্যসেবাব্যবস্থার সঙ্গে জড়িত সংশ্লিষ্টদের নিরলস ভাব কাজ করে যাওয়া। একই সঙ্গে দক্ষ ফার্মাসিস্ট ও নার্স তৈরির ব্যাপারে হাসপাতাল, ওষুধশিল্প ও একাডেমিয়ার মধ্যে সহযোগিতার বিষয়েও গুরুত্বারোপ করেন বক্তারা।

আলোচকেরা বলেন, সর্বজনীন স্বাস্থ্যবিমা সুবিধা না থাকা, অতিপ্রয়োজনীয় ওষুধের অপর্যাপ্ততা, চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ সেবন, ওভার দ্য কাউন্টার (ওটিসি) ওষুধের অপব্যবহার ও নানাবিধ ওষুধের একযোগে ব্যবহারের মতো বিষয়গুলো স্বাস্থ্যহানি ঘটাতে পারে। এই পরিস্থিতি থেকে উত্তরণে কঠোর নজরদারির প্রয়োজন।

ওষুধের অযৌক্তিক ব্যবহার অন্যতম একটি বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ, তাই ওষুধের যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য সমন্বিত কৌশল গ্রহণ করা উচিত।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) জ্যেষ্ঠ কনসালট্যান্ট রায়হান রব্বানী, ডিভিশন অব হসপিটাল সার্ভিসেস বারডেমের সহকারী পরিচালক নাজিমুল ইসলাম, রোশ বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আফরোজ জলিল, নোভারটিস (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও কান্ট্রি প্রেসিডেন্ট রিয়াদ মামুন প্রধানী, প্রাভা হেলথের প্রধান পরিচালন কর্মকর্তা ফয়সাল রহমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ডেটা অ্যান্ড সায়েন্সেসের বায়োটেকনোলজি কর্মসূচির অধ্যাপক অপর্ণা ইসলাম, স্কয়ার, এভারকেয়ার ও আজগর আলী হাসপাতালের ফার্মাসিস্ট জাহিদ হাসান, তানজিনা ইসলাম ও ওমর হাসান। সঞ্চালনা করেন বৈঠকের আহ্বায়ক ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ফার্মেসির সহযোগী অধ্যাপক শরমিন্দ নীলোৎপল ও মেসবাহ তালুকদার।