আত্মসমর্পণের পর টাঙ্গাইলের সহিদুর কারাগারে, অকার্যকর বলে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান আজ আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল আদালতে
ছবি: প্রথম আলো

বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান ওরফে মুক্তি ২৮ নভেম্বর টাঙ্গাইলের বিচারিক আত্মসমর্পণ করে এখন কারাগারে আছেন। এমন তথ্য উপস্থাপনের পর প্রধান বিচারপতির দায়িত্বে থাকা আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ আজ বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আবেদনটি অকার্যকর বলে খারিজ করে দিয়েছেন।

আদালত বলেছেন, হাইকোর্টের আদেশের পর আসামি আত্মসমর্পণ করেছেন। এখন কারাগারে আছেন। তাই রাষ্ট্রপক্ষের আবেদন অকার্যকর বলে খারিজ করা হলো।
ওই মামলায় ২০ নভেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল দিয়ে সহিদুরকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। জামিনের পর ২২ নভেম্বর তিনি কারামুক্তি পান। এর আগে আপিল বিভাগ গত ২৭ আগস্ট এক আদেশে কোনো ধরনের ব্যর্থতা ছাড়াই দ্রুত বা সম্ভাব্য ছয় মাসের মধ্যে মামলাটির বিচারকাজ শেষ করতে বিচারিক আদালতকে নির্দেশ দেন।

আরও পড়ুন

এ তথ্য গোপন করার বিষয়টি নজরে এলে শুনানি নিয়ে ২৬ নভেম্বর হাইকোর্টের একই বেঞ্চ জামিনাদেশ প্রত্যাহার (রিকল) করে ৪৮ ঘণ্টার মধ্যে সহিদুরকে টাঙ্গাইলের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। ২৩ নভেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত রাষ্ট্রপক্ষের আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ২৭ নভেম্বর শুনানির জন্য পাঠান। সেদিন শুনানি নিয়ে আপিল বিভাগ সহিদুর রহমানকে ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করতে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছেন, তা বাস্তবায়ন সাপেক্ষে আদেশের জন্য আজ বৃহস্পতিবার দিন রাখেন।

আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন শুনানি করেন, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন। সহিদুরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ, সঙ্গে ছিলেন আইনজীবী এম এ মুনতাকিম।

আরও পড়ুন

পরে আইনজীবী এম এ মুনতাকিম প্রথম আলোকে বলেন, ‘২৮ নভেম্বর সকালে টাঙ্গাইলের বিচারিক আদালতে সহিদুর আত্মসমর্পণ করেন। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়। এখন তিনি কারাগারে আছেন। তাই সহিদুরের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন অকার্যকর বলে খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।’

২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। তিন দিন পর তাঁর স্ত্রী নাহার আহমেদ টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

২০১৪ সালের আগস্টে গোয়েন্দা পুলিশের (ডিবি) তদন্তে এ হত্যায় তৎকালীন সংসদ সদস্য আমানুর ও তাঁর ভাইদের নাম বের হয়ে আসে। ২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয় ডিবি। এ মামলায় আমানুর ছাড়াও তাঁর তিন ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান ওরফে মুক্তি, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান ওরফে কাঁকন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সানিয়াত খান ওরফে বাপ্পাসহ ১৪ জনকে আসামি করা হয়।