চবিতে ছাত্রীকে যৌন নিপীড়নের ভিডিও ছড়ানো বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপীড়নের ভিডিও যাতে না ছড়ায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার বিকেলে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুঁঞা এই আদেশ দেন। একই সঙ্গে আদালত ওই ঘটনায় করা মামলার আসামি নূর হোসেন ওরফে শাওনের জামিনের আবেদন নামঞ্জুর করেন।

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী প্রথম আলোকে বলেন, ওই ছাত্রীকে যৌন নিপীড়নের ভিডিও যাতে কোথাও ছড়িয়ে না পড়ে, সে জন্য ভিডিও করা মুঠোফোনটি উদ্ধার করতে মামলার তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তাকে সহায়তা করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষককে বলেছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ঘটনার পর একটি মুঠোফোন উদ্ধার হয়। সেটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আরও মুঠোফোনে ভিডিও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভুক্তভোগী ওই ছাত্রী বুধবার আদালতের কাঠগড়ায় থাকা আসামি নুর হোসেনকে শনাক্ত করেন। আদালত জিজ্ঞেস করেন ঘটনার দিন রাতে নুর হোসেন ছিলেন কি না, তখন ওই ছাত্রী বলেন, নুর হোসেনই প্রথম তাঁর পিঠে আঘাত করেছেন। ঘটনার সময় তাঁর (নুর হোসেন) মুঠোফোন চালু ছিল। তিনি ভিডিও করে থাকতে পারেন।

বিশ্ববিদ্যালয় প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া আদালতকে জানান, ঘটনার পর তাঁরা প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছেন। জড়িত ব্যক্তিদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। তদন্ত কর্মকর্তাকেও সহযোগিতা করছেন তাঁরা। আদালতের আর কোনো নির্দেশনা থাকলে সে অনুযায়ী কাজ করবেন।

আরও পড়ুন

আজ আদালতে সহকারী প্রক্টর অরূপ বড়ুয়া ও মামলার তদন্ত কর্মকর্তা হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান উপস্থিত ছিলেন। ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে তলব করেছিলেন জেলা ও দায়রা জজ। একই সঙ্গে ওই ছাত্রীকে হাজির থাকার নির্দেশ দেন।

গত ১৭ জুলাই রাতে ক্যাম্পাসে পাঁচ তরুণের হাতে এক ছাত্রী যৌন নিপীড়ন ও মারধরের শিকার হন। বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এলাকায় পাঁচ তরুণ ওই ছাত্রীকে বেঁধে বিবস্ত্র করে মুঠোফোনে ভিডিও ধারণ করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা এক বন্ধু প্রতিবাদ করলে তাঁকেও মারধর করা হয়। এক দিন পর এ ঘটনায় হাটহাজারী থানায় মামলা হয়।

আরও পড়ুন

ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। রাতেই ছাত্রীরা হল থেকে বের হয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। পরে নিপীড়নের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে র‍্যাব। তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ আজিম, নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নুরুল আবছার, হাটহাজারী সরকারি কলেজের সমাজবিজ্ঞানের প্রথম বর্ষের ছাত্র নুর হোসেন, স্নাতক দ্বিতীয় বর্ষের মাসুদ রানা ও একই কলেজের সাবেক ছাত্র সাইফুল আলম। এঁদের মধ্যে আজিম ও আবছার ছাত্রলীগের কর্মী। তাঁদের বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।      

আরও পড়ুন