চেক ডিজঅনারের আরেক মামলায় মুজিব পরদেশীকে কারাগারে পাঠানোর আদেশ

চেক ডিজঅনারের নতুন আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে লোকসংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক মুজিব পরদেশীকে।ছবি: প্রথম আলো

চেক ডিজঅনারের নতুন আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে লোকসংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক মুজিব পরদেশীকে। তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ মো. সাদিক আহমেদ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শাহ আলম মিয়া বিষয়টি জানিয়েছেন।

সকালে কারাগার থেকে মুজিব পরদেশীকে আদালতে হাজির করা হয়। আদালত গ্রেপ্তার দেখানোর পর তাঁকে হাজতে রাখেন। এ সময় সাংবাদিকেরা কিছু বলার আছে কি না জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘আমার কিছু বলার নেই, মামলা হয়েছে, ভালো।’

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৩ সালে বাদী মুজিবুর রহমানের ছোট ভাই মো. সোলায়মান সরদারকে ইংল্যান্ডে নিয়ে যাওয়ার কথা বলে মুজিব পরদেশী মোট ৪ লাখ ৪০ হাজার টাকা নেন। এর মধ্যে ব্যাংকের মাধ্যমে ২ লাখ ২০ হাজার এবং নগদে আরও ২ লাখ ২০ হাজার টাকা গ্রহণ করা হয়।

পরে সোলায়মানকে ইংল্যান্ডে নিয়ে যেতে ব্যর্থ হলে বাদী টাকা ফেরত চান। তখন মুজিব পরদেশী ২ লাখ ২০ হাজার টাকা করে দুটি চেক দেন। কিন্তু চেক দুটি ব্যাংকে জমা দিলে ‘ফান্ড অপর্যাপ্ত’ উল্লেখ করে তা একাধিকবার প্রত্যাখ্যাত হয়।

এ ঘটনায় বাদী একাধিকবার আইনি নোটিশ পাঠালেও টাকা পরিশোধ করা হয়নি বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। পরে ২০০৪ সালের ১ জুন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারায় মামলা করা হয়। মামলার নথিতে আরও অভিযোগ করা হয়, মুজিব পরদেশী সংগীতশিল্পী পরিচিতিকে কাজে লাগিয়ে বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে আরও কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছেন। তবে মামলায় অভিযুক্ত ব্যক্তিদের কোনো নাম উল্লেখ নেই। মামলাটিতে তিনি একাই আসামি।

৫ আগস্ট ১০ লাখ টাকার আরেকটি চেক ডিজঅনার মামলায় মুজিব পরদেশীকে কারাগারে পাঠানো হয়। ওই মামলায় ২০২২ সালে মাগুরার আদালতে ইদ্রিস আলী বিশ্বাস মামলা করেন। ২০২৩ সালের ১৫ মার্চ মাগুরার দ্বিতীয় যুগ্ম দায়রা জজ মুহাম্মদ আনোয়ার ছাদাত তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও চেকের সমপরিমাণ ১০ লাখ টাকা অর্থদণ্ড দেন।

ওই মামলার রায় ঘোষণার সময় মুজিব পরদেশী পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে ওই পরোয়ানার ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে।

আরও পড়ুন