ফুচকা খাওয়ালে তো আর অপমান করাটা ঠিক হয়ে যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এস এম এহসান উল্লাহকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়
ছবি: সংগৃহীত

শিক্ষকের ‘অপমানে’ আত্মহত্যার চেষ্টা করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা এস এম এহসান উল্লাহ ওরফে ধ্রুব আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খানকে তাঁর দেখা সবচেয়ে ভালো শিক্ষকের একজন বলে মন্তব্য করেছেন। তবে এহসান বলেন, শিক্ষকের সঙ্গে বৃহস্পতিবার কথোপকথনের সময় তিনি বলেছিলেন, ‘স্যার, ফুচকা খাওয়ালে তো আর আমাকে যে অন্যায়ভাবে অপমান করা হলো, সেটা ঠিক হয়ে যাবে না।’

আজ শুক্রবার বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের প্রশিক্ষণবিষয়ক উপসম্পাদক এহসান উল্লাহ।

তানজীমউদ্দিন খানের বিরুদ্ধে তাঁর সঙ্গে অন্যায় ও অপমানজনক আচরণ করার অভিযোগ তুলে ফেসবুকে একটি পোস্ট দিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে নিখোঁজ হন এহসান। ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। পরে রাত দেড়টার দিকে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের পুকুরপাড় থেকে এহসানকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে এহসানের বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির ও সাধারণ সম্পাদক তানভীর হাসান কঠোর অবস্থান নিয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত একটা থেকে ঘণ্টা দুয়েক উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করেন তাঁদের অনুসারী একদল নেতা-কর্মী। তাঁরা শিক্ষকদের ‘নবাবি আচরণ’ বন্ধের দাবি জানান। একই সঙ্গে এহসানকে ‘অপমানকারী’ শিক্ষকের বিচার দাবি করেন। রাত দুইটার দিকে মাজহারুল ও তানভীর উপাচার্যের বাসভবনের সামনে যান। আড়াইটার দিকে নেতা-কর্মীরা চলে যান।

আজ বিকেলে এক ফেসবুক পোস্টে এহসান উল্লাহ লিখেছেন, ‘স্যারের (তানজীমউদ্দিন) কাছে আমি গিয়েছিলাম তিন দিন আগে। আমার নামে তাঁর কাছে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে আমি যে দোষী না, সেটা বলতে গিয়েছিলাম। স্যারের মুখ থেকেই শুনলাম যে আমি ছাত্রলীগ করি, ছাত্রলীগের বড় বড় নেতারা আমাকে চেনেন। স্যার আমার দেখা সবচেয়ে ভালো একজন শিক্ষক। তাঁর কাছে ছাত্রলীগ ট্যাগ আমার বিরুদ্ধে ব্যবহার করে কান ভারী করা হয়। আমি আমার পক্ষের সব কথা স্যারকে বলি। প্রমাণসহ সেগুলো স্যারকে দেখাতে চেয়েছিলাম। স্যার সেগুলো দেখতে চাননি। বৃহস্পতিবার ক্লাস শেষে স্যার আমাকে দাঁড়াতে বলেন। গুজব কারা ছড়িয়েছে, জানতে চান তিনি। আমি বলি যে প্রমাণ হিসেবে আমি স্ক্রিনশট দেখাতে পারব, কিন্তু বন্ধুদের নাম বলতে পারব না। এরপর স্যার সবার সামনে আমাকে খুব বাজেভাবে অপমান করেন, এমনকি আমার ব্যক্তিগত জীবন নিয়েও অপমান করেন। তিনি আমাকে কিছুই বলতে দেননি।’

এহসান উল্লাহ আরও লেখেন, ‘স্যারকে কাঁদতে কাঁদতে বলি যে আমি তো এই কাজ (গুজব ছড়ানো) করিনি। আপনি কেন সবার সামনে আমাকে এভাবে অপমান করলেন? স্যার তখনো আমার সঙ্গে খারাপ ব্যবহার করলেন। তখন স্যারকে আমি বলি, যদি আজকে আত্মহত্যা করে বসি, তার দায়ভার আপনার। স্যার তখন আমাকে কয়েকবার ডাকেন। আমি ডাক না শুনে চলে আসি। নিচে গিয়ে দেখি স্যার আমাদের কয়েকজন ব্যাচমেটের সঙ্গে দাঁড়িয়ে আছেন। এক সহপাঠী অনুরোধ করে আমাকে স্যারের কাছে নিয়ে যায়। স্যার জোর করে ধরে নিয়ে গিয়ে ফুচকা খাওয়ান।’

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রলীগ নেতা এহসান উল্লাহর সঙ্গে এই বিভাগের এক ছাত্রীর বন্ধুত্ব ছিল। একপর্যায়ে এহসান তাঁকে প্রেমের প্রস্তাব দেন। কিন্তু ছাত্রী প্রস্তাবটি গ্রহণ করেননি। পরে ছাত্রী অন্য একজনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। এর পর থেকে দুজনের সম্পর্কের অবনতি ঘটে।

কয়েক দিন আগে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা বিভাগ থেকে সুন্দরবনে শিক্ষাসফরে যান। এই সফরের দায়িত্বে ছিলেন বিভাগের অধ্যাপক তানজীমউদ্দিন খান। সফরে ওই ছাত্রী বিতর্কিত ও আপত্তিকর কর্মকাণ্ড করেছেন, এমন কথা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে। গত মঙ্গলবার তানজীমউদ্দিনের সঙ্গে এহসানের কথা হয়। এহসান তাঁকে সুন্দরবনে শিক্ষাসফর নিয়ে নানা কথা বলেন। একপর্যায়ে ছাত্রী সম্পর্কেও নানা অভিযোগ করেন তিনি। তানজীমউদ্দিন একে গুজব বলে আখ্যা দেন।

বৃহস্পতিবার বিকেলে ক্লাসে তানজীমউদ্দিন খান এহসানকে দাঁড়াতে বলেন। তানজীমউদ্দিন তাঁকে ‘গুজব’ ছড়ানো বন্ধ করতে বলেন এবং গুজব কারা ছড়িয়েছে, তাঁদের নাম জানতে চান। কিন্তু এহসান কারও নাম বলতে চাননি। এহসান সফরের বিষয়টি নিয়ে কথা বলতে থাকলে শিক্ষক তানজীমউদ্দিন তাঁর সঙ্গে ধমকের সুরে কথা বলেন। এহসানকে থামিয়ে দিয়ে তিনি বলেন, ‘প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হওয়ার কারণে তুমি তোমার সহপাঠী সম্পর্কে এভাবে কুৎসা রটনা করতে পারো না।’ পরে তানজীমউদ্দিন ক্লাস থেকে চলে যান। এরপর এহসান তাঁর কাছে গিয়ে বলেন, ‘স্যার, ওই মেয়ে ও আমার বন্ধুরা আমাকে হিউমিলিয়েট (অপমান) করছে, আপনিও হিউমিলিয়েট করলেন।’ পরে রাত সাড়ে আটটার দিকে আত্মহত্যার ইঙ্গিত দিয়ে ফেসবুকে পোস্ট দেন এহসান।

এ ঘটনার বিষয়ে এক ফেসবুক পোস্টে তানজীমউদ্দিন খান লিখেছেন, শিক্ষার্থী এহসান দ্রুত সুস্থ হয়ে উঠুন, এটাই তাঁর এ মুহূর্তের একমাত্র কামনা। এহসান এখন অনেকটা ভালো আছেন। তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠুন। তারপর আসল সত্যটা জানা সবার জন্য জরুরি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী আজ দুপুরে প্রথম আলোকে বলেন, এহসান ঘুমের ওষুধ খেয়ে অচেতন হয়ে শহীদুল্লাহ্ হলের পুকুরপাড়ে পড়ে ছিলেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে জরুরি চিকিৎসার ব্যবস্থা করা হয়। তাঁকে দেখতে তিনি গত রাতে হাসপাতালে গিয়েছিলেন। বিভাগের চেয়ারম্যান বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছেন। এ নিয়ে কীভাবে অগ্রসর হওয়া যায়, সে ব্যাপারে তিনি একাডেমিক কমিটি ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করবেন।

আরও পড়ুন