রাজশাহী শহরের ৯৫২টি পুকুর সংরক্ষণের নির্দেশ
রাজশাহী শহরে থাকা ৯৫২টি পুকুর সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শহরের আর যাতে কোনো পুকুর ভরাট–দখল না হয়, তা–ও নিশ্চিত করতে বলা হয়েছে। এক রিটের চূড়ান্ত শুনানি শেষে আজ সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে এই রায় দেন।
রাজশাহীর পুকুর ভরাট–দখল নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে ২০১৪ সালে রিটটি করা হয়।
প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ২৬ মে হাইকোর্ট রুলসহ আদেশ দেন। সেই সঙ্গে রাজশাহী শহরে থাকা পুকুরের তালিকা ও সেগুলোর অবস্থা জানিয়ে প্রতিবেদন দিতে বলা হয়। এর ধারাবাহিকতায় রুলের ওপর শুনানি শেষে আজ রায় দেওয়া হয়।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।
জেলা প্রশাসকের দাখিল করা তালিকা অনুসারে রাজশাহী শহরে ৯৫২টি পুকুর রয়েছে বলে জানান আইনজীবী মনজিল মোরসেদ। তিনি প্রথম আলোকে বলেন, এই ৯৫২টি পুকুর সংরক্ষণ করতে রাজশাহী সিটি মেয়র, পরিবেশ অধিদপ্তর সংশ্লিষ্ট পরিচালক, র্যাব ও জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পুকুরগুলো যাতে প্রকৃত অবস্থায় থাকে, তা–ও নিশ্চিত করতে বলা হয়েছে। পুরাতন সুখান দিঘির দখল করা অংশ পুনরুদ্ধার করে আগের অবস্থায় ফিরিয়ে এনে তা সংরক্ষণ করতেও বলা হয়েছে। মামলাটি চলমান থাকবে রায়ে বলা হয়েছে।