যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সেনাপ্রধান
যুক্তরাষ্ট্র থেকে গতকাল রোববার দেশে ফিরেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। দ্য ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (এলএএনপিএসি) সম্মেলনে যোগ দিতে দেশটিতে গিয়েছিলেন তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, হাওয়াই অঙ্গরাজ্যে ১৬ থেকে ১৮ মে অনুষ্ঠিত হয় এলএএনপিএসি সম্মেলন। সেখানে শফিউদ্দিন আহমেদসহ ৩০টি দেশের সেনাপ্রধান ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা অংশ নেন।
এলএএনপিএসি সম্মেলন মহাকাশ হুমকি মোকাবিলা, স্থলবাহিনীকে ভবিষ্যৎ অভিযানের জন্য প্রস্তুত করা, সংঘাতপূর্ণ সমস্যাগুলো মোকাবিলা, যৌথ প্রশিক্ষণ এবং স্থলবাহিনীর আধুনিকায়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
আইএসপিআর বলছে, সম্মেলনে বিভিন্ন দেশের সেনাপ্রধান ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন শফিউদ্দিন আহমেদ। সাক্ষাতে তাঁরা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থলবাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি, পেশাদার সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।