দক্ষিণ এশিয়ার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক পরিষদের চেয়ারম্যান হলে শ্যাম সুন্দর সিকদার
দক্ষিণ এশিয়ার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাগুলোর পরিষদ এসএটিআরসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। চলমান ২৪তম এসএটিআরসি আন্তর্জাতিক সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বিটিআরসির আয়োজনে তিন দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের উদ্বোধনী দিনে সদস্যদেশগুলোর মতামতের ভিত্তিতে সংস্থাটির প্রধান নির্বাচিত হন বিটিআরসির চেয়ারম্যান। বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, আফগানিস্তান, মালদ্বীপ ও ইরানের টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগপ্রযুক্তি বিশেষজ্ঞরা অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে সদস্যদেশগুলোর মধ্যে জ্ঞান বিনিময়, প্রযুক্তিগত উন্নয়ন, টেলিযোগাযোগ খাতে কর্মপরিকল্পনা নির্ধারণ, টেসকই ডিজিটাল অবকাঠামো বাস্তবায়ন, এ খাতের নিয়ন্ত্রণ ও উন্নয়ন এবং নীতি গ্রহণসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এসএটিআরসি।
বিশেষ অতিথি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশের বিকাশে এসএটিআরসির এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্মার্ট বাংলাদেশের লক্ষ্য পূরণে প্রযুক্তিগত দিক থেকে সংযুক্তি তৈরি গুরুত্বপূর্ণ এবং এর বিস্তারের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের ভিত্তি তৈরি হবে।
বিটিআরসির চেয়ারম্যান ও এসএটিআরসির নবনির্বাচিত প্রধান শ্যাম সুন্দর বলেন, সদস্যদেশগুলোর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাত এগিয়ে যাবে।
সম্মেলনের প্রথম দিনে উদ্ভাবন ও টেকসই ডিজিটাল ভবিষ্যৎ–সংক্রান্ত দুটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা নিজ নিজ দেশের টেলিযোগাযোগ খাতের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
তিন দিনব্যাপী এ সম্মেলনে টেকসই ডিজিটাল ভবিষ্যৎ, ডিজিটাল রূপান্তর, ব্রডব্যান্ড নেটওয়ার্ক, ডিজিটাল অন্তর্ভুক্তি, সামাজিক–অর্থনৈতিক উন্নয়নে তরঙ্গ ব্যবস্থাপনা, স্যাটেলাইট সেবায় তরঙ্গ ব্যবহার, ৫জি প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ও কর্মকৌশল নিয়ে আলোচনা হবে।
১৯৯৭ সালে দক্ষিণ এশিয়ার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থাগুলোকে নিয়ে এসএটিআরসি প্রতিষ্ঠিত হয়। সদস্যদেশগুলোর স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রতিবছর সংস্থাটি সম্মেলন আয়োজন করে।