নারী চিকিৎসক দিয়ে নারীর মরদেহের ময়নাতদন্ত: নীতিমালা প্রণয়নে নিষ্ক্রিয়তা নিয়ে রুল
নারী চিকিৎসক ও নারী প্যারামেডিকেল স্টাফ দিয়ে নারীর মরদেহের ময়নাতদন্তে (পোস্টমর্টেম) প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নে নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ রুল দেন। স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ (শিক্ষা) বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে নারী চিকিৎসকের সঙ্গে নারী প্যারামেডিকেল স্টাফ দিয়ে নারীর মরদেহের ময়নাতদন্তে (পোস্টমর্টেম) প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নে নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী জুয়েল আজাদ গত মাসে রিটটি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী কাজী আখতার হামিদ, সঙ্গে ছিলেন আইনজীবী জুয়েল আজাদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী।
রুলের বিষয়টি জানিয়ে পরে আইনজীবী জুয়েল আজাদ প্রথম আলোকে বলেন, পাকিস্তানে ইতিমধ্যে নারী চিকিৎক দিয়ে নারীর মরদেহের ময়নাতদন্ত হয়। সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী শুধু জীবিত অবস্থায়ই নয়, মারা গেলেও মানুষের অধিকার ও মর্যাদা থাকে। ভারতের সুপ্রিম কোর্ট বিভিন্ন রায়েও এ বিষয় উল্লেখ করেছেন। এসব যুক্তিতে রিটটি করা হয়, শুনানি নিয়ে আদালত ওই রুল দিয়েছেন।